সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা আমি সমর্থন করছি না: মান্না - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা আমি সমর্থন করছি না: মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার প্রস্তাবটি সুন্দর হলেও জাতির তথা বৃহত্তর স্বার্থে এটিকে আমি আপাতত সমর্থন করছি না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত ‘শাসন ব্যবস্থায় গুনগত পরিবর্তন ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মান্না বলেন, যে স্বৈরাচারকে এত কষ্ট করে লড়াই করে ফেলে দিয়েছি, সেই স্বৈরাচারের ভোটের হার এখনো অনেক বেশি। সংখ্যানুপাতিক হারে ভোট হলে তারা অনেক বেশি এগিয়ে থাকবে। তা ছাড়া ওই দল যদি ভোট করবার সুযোগ পায়, তাদের পদত্যাগ বিষয়ে বিতর্ক হতে পারে। কিন্তু সরকার বলছে আমরা নিষিদ্ধ করবো না। নিষিদ্ধ যদি না করেন তাহলে তারা নির্বাচন করবে না কেন।

নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন প্রস্তাবটি খুবই সুন্দর। আমার জন্য বেশি সুন্দর, কিন্তু সমগ্র জাতির জন্য নয়। এতে করে আওয়ামী লীগের যদি ৪০ টা এমপি আসে। তারপর আমি এমপি থাকতে পারব কিনা সন্দেহ আছে। তারা বলবে জনগণের রায় আমাদের পক্ষে, তুমি কে? কয়টা ভোট পেয়েছ তুমি? তোমার কয়টা এমপি আছে?

সম্প্রতি আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, গত পরশুদিন এবং গতকালকেও আওয়ামী লীগের লোকজন লিফলেট বিতরণ করেছে। কিভাবে করতে পারল তারা? আমাদের পুলিশ কি করেছে? তারপর দেখলাম আমাদের প্রশাসনের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে বলছেন এরপর কেউ করলে তাকে অ্যারেস্ট করা হবে। তারা তো ঘোষণা দিয়েছে ১৫ দিন আগে, ১৫ দিন ধরে আপনারা কি করলেন? আমাদের অন্তর্বর্তী সরকার এই প্রশাসন এখনো তৈরি করতে পারেনি। আমরা সফলতা কামনা করছি, কিন্তু তারা সফল হতে পারছে না। তারা যদি সফল হতে পারতো, তাহলে এই ঘটনা ঘটতো না।

নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উদ্দেশ্যে মান্না বলেন, আপনি নিশ্চয়ই নৃশংসভাবে আমাদের দেশের শিশু-কিশোর, শ্রমজীবী মানুষদের যে নির্বিচারে গুলি করে মারা হয়েছে সেটার বিচার চান। আমিও এর বিচার চাই। কিন্তু আপনি বললেন বিচার করার আগে ভোট হবে না। বিচার করতে কতদিন লাগবে? আপনি আদালতকে বলতে পারবেন বিচার শেষ করতে হবে। তাহলে তো আদালতে হস্তক্ষেপ করা হয়। কিন্তু আদালত যদি মনে করে বিচার করতে আরো সময় লাগবে এবং বিচার করতে যদি পাঁচ বছর লাগে, তাহলে কি পাঁচ বছর পরে নির্বাচন করবেন? সম্ভব? দ্রব্যমূল্য দিনকে দিন বেড়ে যাচ্ছে, এতদিনেও সরকার কি কিছু করতে পেরেছে? বাস্তবতা মেনে নিতে হবে, শুধু আবেগ দিয়ে চললে আমাদের সমস্যা সমাধান হবে না।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণমুক্তি জোটের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, লে. জেনারেল (অব:) আমিনুল করিমসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ