ডিবি কার্যালয়ে দুই অভিনেত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে গতকাল রাতে অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার হয়েছেন। শাওনকে গ্রেপ্তারের কিছু সময় পরেই এই অভিযোগে আরেক অভিনেত্রী সোহানা সাবার আটক হওয়ার খবর পাওয়া যায়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে।
ডিবি কার্যালয়ে তাদের বিভিন্ন বিষয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি পুলিশ।
ডিবি পুলিশ জানিয়েছে, দুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তাদের এসব বিষয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না পুলিশ।
এই দুই অভিনেত্রীকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দুই অভিনেত্রীকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
ডিবির একটি সূত্র বলছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা তাদের নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শাওন ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শাওনের মা তহুরা আলীও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী।
অন্যদিকে, গত বছর জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের পক্ষে অবস্থান নিয়ে আলোচনায় আসেন সোহানা সাবা। আন্দোলন চলাকালীন শিল্পীদের হোয়াটসঅ্যাপ ‘আলো আসবেই’ নামের একটি গ্রুপে বেশ সক্রিয় ছিলেন এই অভিনেত্রী। ওই গ্রুপ সংশ্লিষ্ট বার্তার কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
জনতার আওয়াজ/আ আ