অপারেশন ডেভিল হান্টের নামে বিরোধী মত দমন চলছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে ও গায়েবি মামলা দেওয়া হচ্ছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এই অভিযোগ করেন।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় পার্টির ওপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে। জাতীয় পার্টির নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হচ্ছে ও গ্রেপ্তার হলে তাদের জামিন দেওয়া হচ্ছে না। সভা, সমাবেশ ও মিছিলের মতো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এখন নতুন করে আবার ডেভিল হান্ট কর্মসূচির আওতায় জাতীয় পার্টি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া শুরু হয়েছে। গতকাল গাজীপুর মহানগর জাতীয় পার্টির কিছু নেতার নামে গায়েবি মামলা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
একইসঙ্গে নিরপরাধ জনগণের উপর জুলুম ও হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জিএম কাদের।
জনতার আওয়াজ/আ আ