ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের উদ্যোগ নেয়া হবে : প্রধান উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের উদ্যোগ নেয়া হবে : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ নেয়া হবে বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনের আয়োজনের জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এমন আশ্বাস দেন।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদের আশ্বস্ত করেছেন-অতিদ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন। তিনি বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থার করার জন্য তারা কাজ করছেন। আমরা আশা করব, জনগণের যে প্রত্যাশা আছে, অতিদ্রুত একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি। আর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি, জনগণ প্রত্যাশা করছে।

বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমরা কোন মতেই একমত হবো না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি এবং এখনও বলছি- জাতীয় সংসদ নির্বাচনের আগে কোন নির্বাচন হবে না।
কবে নাগাদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হতে পারে- এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এটা উনারা ঠিক করবেন। তবে সম্ভবত ১৫ তারিখের মধ্যে কিছু একটা বলতে পারেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের যে উদ্বেগের বিষয়গুলো ছিল, সেগুলো তুলে ধরেছি। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের দায়িত্ব ছিল। আমরা সেই দায়িত্ব পালন করেছি। আমরা আজকে যে বিষয়গুলো তার সামনে আলোচনা করেছি, তা হচ্ছে- এই যে ঘটনাগুলো ঘটেছে, তার দায়ভার এই সরকার এড়াতে পারেন না। সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন বাহিনীগুলো যে আছে- তাদের সামনেই একের পর এক ঘটনাগুলো ঘটেছে, যেটা আমরা মনে করি, সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা যে পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে। আর ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের কথা বলার।

ফখরুল বলেন, প্রশাসনে এখনো ফ্যাসিবাদের যেসব দোসর আছে যারা অতীতে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেয়ার কথা আমরা বলেছি।

তিনি বলেন, যারা অর্থনৈতিক ক্ষতি করেছেন, লুট করেছেন-যারা লুণ্ঠন করেছেন, তাদের আইনের আওতায় আনার জন্য এবং টাকা ফিরিয়ে আনার জন্য আমরা দাবিগুলো তুলেছি। একই সঙ্গে বিগত ১৫-১৬ বছরে মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের যে হয়রানি করা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা দাবি করেছি, তারাও একমত হয়েছেন। আমরা বলেছি, এই সরকারের অন্যতম ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসতে না পারা। তারা বলেছেন যে, তারা এই কাজগুলো করছেন। সবশেষে বলেছি, ডেভিল হান্ট অভিযান চলছে। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি। ওই ধরনের কোন পুনরাবৃত্তি যেনো না হয়, অর্থাৎ কোন সাধারণ মানুষ যেনো আক্রান্ত না হয়। এটা নিয়ে আবার যেন কোন ধরনের সমস্যা তৈরী করা না হয়। এই ধরনের আমরা জোরেশোরে বলেছি।

১৫ই ফেব্রুয়ারি থেকে নির্বাচনী দলগুলোর সঙ্গে সংলাপ শুরু: ওদিকে সংস্কারের বিষয়ে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র বৈঠক শেষে এক প্রেস ব্রিফিং-এ তিনি জানান, কমিশনের রিপোর্টগুলো নিয়ে আগামী ১৫ই তারিখ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। প্রেস সচিব বলেন, বিএনপি শান্তি প্রতিষ্ঠা, বিচার কাজ যাতে দ্রুত হয় সেটা বলেছেন। তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানি ও গায়েবি মামলা তুলে নেয়ার কথা বলেছেন। ডেভিল হান্টে যাতে কোন ভায়েলেশন না হয় তা বলেছেন। এসময় প্রধান উপদেষ্টা বলেছেন, কোন হিউম্যান রাইটস ভায়োলেশন ভায়োলেন্ট হবে না।

তিনি বলেন, যাতে তাড়াতাড়ি নির্বাচন হয় সে বিষয়ে বলেছেন। ইউনূস বলেছেন, আমরা এবিষয় নিয়ে আমরা কনসার্ন রয়েছি। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, জাতীয় নির্বাচন বিএনপি দ্রুত চায়। বিএনপি বলেছে সম্প্রতি হওয়া সহিংসতা শেখ হাসিনার কারণেই এসব সহিংসা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার পদক্ষেপ নেয়ার কারণেই এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ