শেষ হলো এবারের জাবি ভর্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি
সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ সেশনের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টা হতে ‘সি১’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে দুপুর ২:৫০ টায় ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হয়।
শেষ দিনের ভর্তি পরীক্ষা মোট চার শিফটে অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯ টা হতে ১০ টা পর্যন্ত প্রথম শিফটে (ছেলে-মেয়ে) কলা ও মানবিকী অনুষদভুক্ত (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ‘সি১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৪টি আসনের বিপরীতে আবেদন করে ৫ হাজার ৫০৪ জন, সে হিসেবে আসনপ্রতি লড়ছেন প্রায় ৮৬ জন শিক্ষার্থী।
পরবর্তী তিন শিফটে (প্রথম দুই শিফট মেয়ে ও ৩য় শিফট ছেলে) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৮৫৮ জন এবং ছাত্রী ১২ হাজার ৯১৯ জন। সে হিসেবে ‘বি’ ইউনিটে আসনপ্রতি ছেলে লড়ছেন প্রায় ৬৭ জন ও মেয়ে লড়ছেন প্রায় ৭৯ জন।
উল্লেখ্য, ‘সি-১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় (এমসিকিউ) উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৩ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে উপস্থিত থাকতে হবে এবং চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
জনতার আওয়াজ/আ আ