রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামের এক স্বর্ণ-ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এসময় পাশের ভবন থেকে ছিনতাই ও গুলির দৃশ্য মোবাইলে ভিডিও করেন বাসিন্দারা। রাতেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় নগরবাসী বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। একাধিক পেইজ ও আইডিতে ছড়িয়ে পড়া ভিডিওটির কমেন্টসে ঢাকা শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

ভিডিওতে দেখা যায়, বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে তিনটি মোটরসাইকেলে করে মোট সাতজন ছিনতাইকারী ওই ব্যবসায়ীকে ঘিরে ধরে। ব্যবসায়ীকে একটি বাড়ির গেটের সামনের রাস্তায় ফেলে দিয়ে একজন ছিনতাইকারী তার কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেয়। অন্যদিকে আরেকজন ছিনতাইকারী তাকে ছুরি দিয়ে আঘাত করে যাচ্ছিল।

এসময় ভুক্তভোগী ব্যবসায়ী মা-গো মা-গো করে চিৎকার করছিলেন। তিনি যখন ব্যাগ ছিনিয়ে নিতে বাধা দিচ্ছিলেন তখন পাশে দাঁড়ানো আরেক ছিনতাইকারী ব্যবসায়ীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ওই সময় ভুক্তভোগী ব্যবসায়ী আরও জোরে জোরে মা-গো মা-গো বলে চিৎকার দিতে দিতে কিছুটা দৌড়ে পেছনের দিকে পালিয়ে যান।

দুর্ধর্ষ ছিনতাইয়ের এ ঘটনাটি আশপাশের ভবনের বিভিন্ন ফ্লোর থেকে স্থানীয় বাসিন্দারা ভিডিও করেছিলেন। ছিনতাইকারীরা যখন ভুক্তভোগী ব্যবসায়ীকে ছুরি দিয়ে আঘাত করছিলেন এবং গুলি ছুঁড়ছিলেন তখন ভিডিও করা লোকজনও জোরে জোরে চিৎকার করছিলেন। ‌পরে ছিনতাইকারীরা ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেলে করে দ্রুত চলে যায়।

১৮ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। এ ঘটনা পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত ব্যবসায়ী বনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকায়।

হাসপাতালে নিয়ে আসা অলংকার জুয়েলার্সের মুজিবুর রহমান জানান, রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেল গতিরোধ করে এবং আনোয়ার হোসেনের কাছে থাকা স্বর্ণ-টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে তাকে চার রাউন্ড গুলি করা হয়।

পরে তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রথমে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এ বিষয়ে রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগীর দোকান বনশ্রীর ডি ব্লক এলাকায়। প্রতিদিন তিনি দোকান থেকে এ সময় বাসায় ফেরেন। আজ দোকান থেকে বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তার কাছ থেকে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এ ছাড়া তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে এবং ছুরিকাঘাত করে।

তিনি জানান, ঘটনাটি ভুক্তভোগীর বাসার সামনেই ঘটেছে। তিনি আমাদের জানিয়েছেন, তার কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে এখনো আটক করা যায়নি বা চিহ্নিত করা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ