রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এসআই আহত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এসআই আহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ

 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা চালিয়ে মাদক মামলায় গ্রেপ্তার এক আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান। পরে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- মো. আবুল কালাম আজাদ ওরফে পিনু শেখ (মেম্বার) (৪৭), মো. মিন্টু শেখ (৫৫), মোসা সেফালী বেগম (৪৩), মোসা নাসিমা বেগম (৩৫), মোসা শিমু বেগম (২০), সোহাগী বেগম (২৫)। তারা সবাই কাজীবাধা গ্রামের বাসিন্দা।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজিব এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সকালে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কাজীবাধা এলাকার মাদক কারবারি ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩১০টি ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে গাড়িতে তোলার সময় পরিবারের লোকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে ফরিদকে ছিনিয়ে নেয়। হামলায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ওয়াহিদুল হাসান আহত হন। তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শরীফ আল রাজিব আরও বলেন, পালিয়ে যাওয়া ফরিদ শেখ চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ ৯টি মামলা রয়েছে। আজ পুলিশের অভিযানে তাঁর বাড়ি থেকে ৩১০টি ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার পৃথক দুটি মামলা হবে। পালিয়ে যাওয়া ফরিদ শেখকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ