ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা মায়ের - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা মায়ের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৬, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৬, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মারা গেছেন স্বামী, অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক মেয়ে। তবে অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু হলেও দুর্ঘটনার সময় পেট ফেটে বেরিয়ে যায় নবজাতক। শুধু তাই নয়, অলৌকিকভাবে বেঁচেও গেছে সেই নবজাতকটি। শিশুটিকে ময়মনসিংহ সদরের সিবিএমসিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৩ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের কোর্ট বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রত্না বেগম (৩২), স্বামী জাহাঙ্গীর আলম (৪০), ছয় বছরের শিশু সন্তান সানজিদা। তাদের বাড়ি উপজেলার রায়মণি এলাকায়।

নিহত জাহাঙ্গীরের চাচাতো ভাই আরিফ রব্বানী গণমাধ্যমকে বলেন, রত্না বেগম অন্তঃসত্ত্বা ছিলেন। তার ডেলিভারির তারিখ দুইদিন পার হয়ে যাওয়ায় তিনি একটি ডায়াগনস্টিক সেন্টারে আল্টাসনোগ্রাফি করতে আসেন। এরপর সেখান ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই পরিবারের ওই তিনজনের মৃত্যু হয়। তবে এসময় আঘাত পেয়ে গর্ভপাত ঘটে রত্নার।

প্রতিবেশী মোহাম্মদ শাহজাহান বলেন, পেট ফেটে বাচ্চা বের হওয়ার খবর পেয়ে আমি সেখানে ছুটে যাই। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সদরের সিবিএমসিবি ভর্তি করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে।

হাসপাতালটির মেডিকেল অফিসার আরিফ আল নূর বলেন, আমরা বাচ্চাটির অবস্থা ভালো পেয়েছি। পরে এক্সরে করার পর ডান হাতের দুটি অংশে ভাঙা দেখা গেছে। সে এখন শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ