ইফতার মাহফিলে বাধা, ছাত্রদলের সঙ্গে জামায়াতের হাতাহাতি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইফতার মাহফিলে বাধা, ছাত্রদলের সঙ্গে জামায়াতের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ

 

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলে জামায়াতের ইফতার মাহফিলে ছাত্রদলের নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। একপর্যায়ে ছাত্রদল ও বিএনপির সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে।

বুধবার (১৯ মার্চ) শহরের কোদালিয়া এলাকার কেডি মসজিদের সামনের মাঠে আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানা যায়, অনুষ্ঠান শুরুর আগেই জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল বাতেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি গ্রুপ ইফতার মাহফিল বন্ধ করার জন্য আয়োজক কমিটিকে চাপ দিতে থাকে থাকে। অপরদিকে জামায়াতের নেতৃবৃন্দও প্রোগ্রাম সফল করার ব্যাপারে অনড় অবস্থান নিলে উত্তেজনা সৃষ্টি হয়। ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাতেনের নেতৃত্বে হাসান, রুবেল, স্বপনসহ ২০-২৫ জন মারমুখী অবস্থান নিলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে জামায়াতের জেলা আমির আহসান হাবীব মাসুদ পুলিশকে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জামায়াতের নেতা-কর্মীরা সেখানেই ইফতার করেন।

শহর জামায়াতের আমির মিজানুর রহমান চৌধুরী বলেন, ছাত্রদলের টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব এমএ বাতেন তার সঙ্গীদের নিয়ে আমাদের ইফতার পার্টি করতে বাধা দেয়। এসময় তিনি আমাদের ইফতার পার্টিতে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালাগালসহ মাইক বন্ধ করে দেন।

অন্যদিকে টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম এ বাতেন বলেন, ইফতার অনুষ্ঠানে কোনো ধরনের হট্টগোল হয়নি। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি আমার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হয়েছি এটা জানার জন্য যে, এলাকায় কে বা কারা ইফতার অনুষ্ঠান আয়োজন করেছে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, শহর জামায়াতের আমির মিজানুর রহমান চৌধুরী আমাকে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। এরপর পরিবেশ স্বাভাবিক হলে সবাই মিলে মিশে সেখানে ইফতার করেন। বর্তমানে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ