চাঁদাবাজদের কঠোর হাতে দমন করা হবে: আসিফ মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাঁদাবাজদের কঠোর হাতে দমন করা হবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

 

কুমিল্লা প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শত-সহস্র শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমরা যে স্বাধীনতার কথা বলছি সেখানেও পূর্বের মতো বিভিন্ন উপায়ে চাঁদাবাজি, সন্ত্রাসের মতো ঘটনাগুলো চলমান রয়েছে।

তিনি বলেন, অনেকে মনে করে চাঁদা দেওয়াটা মনে হয় আমার দায়িত্ব, আমাকে যে কেউ এসে একটা টোকেন ধরে দিল আমার থেকে ৫০ টাকা দিতে হবে ১০০ টাকা দিতে হবে। আবার যারা চাঁদা নেয় তারা মনে করে যে এটা আমার অধিকার, কারণ দীর্ঘদিন ধরে তো এভাবেই চলে আসছে, এখন কেন চলবে না।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ চাঁদাবাজদের উদ্দেশ্য করে বলেন, তাদেরকে আমরা স্পষ্টভাবে বার্তা দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পরে পূর্ববর্তী আর এই ধরনের প্র্যাকটিস বরদাস্ত করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার চায়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা যে কারণে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। সেই বাংলাদেশ বাস্তবায়নে পূর্ববর্তী সময়ে চাঁদাবাজি মাদক ব্যবসাসহ যে যে বিষয়গুলো তরুণ সমাজকে ধ্বংস করেছে, সমাজকে ধ্বংস করেছে, সেগুলোকে খুব শক্ত হাতে দমন করা হবে।

আসিফ মাহমুদ বলেন, আমাদের সৌভাগ্য যে আমাদের এখানে (মুরাদনগরে) এখনো সচেতন মানুষজন আছে। যারা এই চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। যারা আঘাতপ্রাপ্ত হয়েও এই চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এটা আমাদের গর্ব যে মুরাদনগর এখনও সচেতন মানুষ আছে। আমরা সারাদেশের তরুণ সমাজকে আহ্বান জানাতে চাই, আপনারা যেখানেই চাঁদাবাজি দেখবেন, যেখানেই দেখবেন বিভিন্ন সমিতির নামে টোকেন ধরিয়ে দিয়ে টাকা নেওয়া হচ্ছে সেখানেই প্রতিরোধ করবেন।

এ সময় কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার, পুলিশ সুপার নাজির আহম্মেদ, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি অ্যাডভোকেট ওবায়দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে ২০ জন প্রতিযোগীকে পুরস্কার তুলে দেন আসিফ মাহমুদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ