পুতিনের ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুতিনের ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ

 

পুতিনের ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প
তিন বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই এই সংঘাত বন্ধের উদ্যোগ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে তিনি নিজেও যুক্ত হয়েছেন আলোচনায়। তবে এখনও আশানুরূপ অগ্রগতি না হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চরম ক্ষুব্ধ ও বিরক্ত হয়েছেন ট্রাম্প।

সোমবার (৩১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে গেলেও পুতিনের কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, পুতিনের ওপর তার বিরক্তি ও ক্ষোভ চরমে পৌঁছেছে।

তিনি বলেন, ‘আমি ইউক্রেনে রক্তপাত বন্ধের চেষ্টা করছি। কিন্তু যদি রাশিয়া সমঝোতায় না আসে, এবং যদি আমি মনে করি দায় তাদের— তাহলে রাশিয়ার তেলের ওপর ৫০ শতাংশ সেকেন্ডারি শুল্ক আরোপ করব।’

ট্রাম্প অভিযোগ করেন, পুতিন ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করছেন। এ কারণে তিনি রাশিয়ার প্রেসিডেন্টের ওপর অত্যন্ত রেগে আছেন।

তিনি বলেন, ‘আমি খুব রেগে গিয়েছিলাম, যখন পুতিন জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে কথা বলতে শুরু করেছিলেন। কারণ এটি সঠিক পথে যাচ্ছে না। নতুন নেতৃত্ব মানেই দীর্ঘমেয়াদী চুক্তি সম্ভব নয়।’

এই বক্তব্যে ট্রাম্পের সুরের পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। আগে তিনি রাশিয়ার প্রতি তুলনামূলক নমনীয় ছিলেন। তবে এবারই প্রথমবারের মতো যুদ্ধবিরতি নিয়ে সমঝোতায় না এলে রাশিয়ার বিরুদ্ধে কড়া বাণিজ্যিক পদক্ষেপের হুমকি দিয়েছেন।

ট্রাম্প বলেছেন, ‘যদি যুদ্ধবিরতি না হয়, আমি রাশিয়া থেকে আসা তেলের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করব। এটি একটি কঠিন সিদ্ধান্ত, তবে প্রয়োজন হলে আমি তা নেব।’

এই হুঁশিয়ারির ফলে কূটনৈতিক বল এখন মস্কোর কোর্টে চলে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্রাম্পের এই অবস্থানের বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ইউরোপীয় নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ অনেকেই মনে করেন, ট্রাম্প হয়তো গোপনে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

গত ছয় সপ্তাহের মধ্যে ট্রাম্প ওভাল অফিসে জেলেনস্কির নেতৃত্বকে কটাক্ষ করেছেন এবং ইউক্রেনকে কিছু বিষয়ে ছাড় দিতে বলেছেন। বিপরীতে, তিনি পুতিনকে তোষামোদ করেছেন এবং রাশিয়ার দাবির কাছে নতি স্বীকার করেছেন বলে অভিযোগ উঠেছে।

তবে সর্বশেষ সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্য থেকে মনে হচ্ছে, তিনি কৌশল বদলেছেন এবং রাশিয়ার ওপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্প দাবি করেন, ‘ক্রেমলিন আমার ক্ষোভের কথা জানে। তবে পুতিনের সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই ভালো ছিল। যদি তিনি (পুতিন) সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে আমার রাগ দ্রুত চলে যাবে।’

এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া যদি যুদ্ধবিরতিতে রাজি হয়, তাহলে সম্পর্ক স্বাভাবিক হতে পারে। তবে ট্রাম্পের নতুন কৌশল মস্কো কীভাবে গ্রহণ করবে, তা সময়ই বলে দেবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ