স্বাধীনতার হুইসেলব্লোয়ার : মারুফ কামাল খান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতার হুইসেলব্লোয়ার : মারুফ কামাল খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ

 

সপ্তাহে একদিন কলাম লিখি দৈনিক আমার দেশ পত্রিকায়। অতি ঘটনাবহুল সময়ে হররোজ কতো ঘটনা, রটনা, প্রসঙ্গ ও ইস্যু আসে যায়। তার ক’টা নিয়েই বা লেখা যায়! এর মধ্যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। সে ভাষণ পর্যালোচনার সময় সুযোগ হয়নি। তবে গত দেড় দশকের বেশি সময় ধরে শেখ হাসিনার আক্রমণাত্মক, আত্মপ্রচারমূলক ও অসত্য তথ্য সম্বলিত ভাষণ শুনে ক্লিষ্ট ও পীড়িত দেশবাসীর বেশিরভাগই একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও শিক্ষকের অতি শিষ্ট ভাষণে স্বস্তি বোধ করেন। ড. ইউনূস ইতোমধ্যে চীন দেশে বহুল আলোচিত গুরুত্বপূর্ণ সফরে গেছেন। তাঁর এ সফর সফল হোক। আমেরিকান যুক্তরাষ্ট্রের এক প্রভাবশালী সমরনায়ক সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন। এ সফরের গুরুত্ব অনেক এবং এর পরবর্তী ঘটনাক্রমের দিকে সতর্ক নজর রাখার প্রয়োজন আছে। এবারের পবিত্র রমজান ফুরিয়ে যাচ্ছে। এ রমজানের ইবাদত-বন্দেগী যেন আমাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের উসিলা হয়, মহামহিম আল্লাহ্‌’র দরবারে কায়মনোবাক্যে সেই মুনাজাত করি। সামনে ঈদুল ফিতর। এ উপলক্ষে প্রতিটি উম্মতে মোহাম্মদী (সা.)-কে ঈদ মুবারাক।
২৬ মার্চ ছিল বাংলাদেশের স্বাধীনতার দিবস। আমরা এমন এক জাতি যে, এই স্বাধীনতার ইতিহাসকে আমরা অবিকল থাকতে দিইনি। হীন রাজনৈতিক স্বার্থে সেই ইতিহাসও বিকৃত করেছে একটি রাজনৈতিক মহল। আরো স্পষ্ট করে বলা যায়, দীর্ঘকাল ধরে এদেশে একতরফা ভাবে প্রচারিত হয়েছে স্বাধীনতার ইতিহাসের আওয়ামী ভাষ্য। আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপি চরম ইতিহাস-বিমুখ। তাদের কোনো কার্যকর সাংস্কৃতিক আন্দোলন ও তৎপরতা নেই। নেই শক্তিশালী ও উপযুক্ত প্রচার বিভাগ ও মিডিয়া। বুদ্ধিবৃত্তির চর্চা, প্রকাশনা, এমনকি দলীয় লিটারেচারের ক্ষেত্রেও তারা অতি হত-দরিদ্র। কাজেই সাধারণ জনগণ এমনকি বিএনপির নেতা-কর্মীরা পর্যন্ত পরের মুখে ঝোল খেতে বাধ্য হয়। এসব কারণে ক্ষমতায় কিংবা ক্ষমতার বাইরে যেখানেই আ.লীগ অবস্থান করুক, সমাজে তাদের একটা কালচারাল ডোমিনেশন থেকেই যায়। তাই আমাদের স্বাধীনতার ইতিহাস আওয়ামী ইতিহাসেরই একটা অংশ হয়ে আছে। অথচ প্রকৃত ইতিহাসে আওয়ামী লীগের রয়েছে ব্যর্থতার অনেক ক্ষতচিহ্ন। আর বিএনপির স্থপতি জিয়াউর রহমানের ভূমিকা অনেক বেশি উজ্জল।
উনিশ শ’ একাত্তর সালের সালের শুরুতে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ‘সামান্য মেজর’। তবে এই সামান্য মেজরটিই একটি অসামান্য কাজ করেছিলেন। তখন যারা অসামান্য লোক ছিলেন তারা একটা সামান্য কাজও করতে পারেন-নি। জিয়া ছাড়াও আরো কয়েকজন তদানীন্তন পূর্ব পাকিস্তানী মেজর তখন পাক বাহিনীর আক্রমণ রুখতে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তবে জিয়া কেবল বিদ্রোহ ও প্রতিরোধের লড়াই-ই শুরু করেন-নি। তিনি ইতিহাসে পৃথক বৈশিষ্ট্য অর্জন করেছিলেন আরেকটি অসামান্য ভূমিকা পালনের মাধ্যমে।
তাঁর ভূমিকাকে ক্ষুণ্ণ করতে বলা হয়, একজন মেজরের হুইসেলের মাধ্যমে স্বাধীনতা আসেনি। কথা সত্য। কেবল একজনের ভূমিকায় একটা দেশের ও জাতির স্বাধীনতা আসেনা। এক দীর্ঘ সংগ্রামী প্রক্রিয়া, রাজনৈতিক আন্দোলন এবং অবশেষে রক্তক্ষয়ী এক সশস্ত্র মুক্তিযুদ্ধের অর্জন হচ্ছে আমাদের স্বাধীনতা। কোটি কোটি মানুষের অপরিমেয় ত্যাগ এবং অগণিত মানুষের প্রাণদান ও অবদান রয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠার পেছনে। রাজনৈতিক নেতৃত্বের ভূমিকাও অনস্বীকার্য। কাউকে হেয়, তুচ্ছ ও খাটো করার সুযোগ নেই। জিয়ার ভূমিকাকেও হেয় করতে গেলে মুক্তিযুদ্ধের ইতিহাসই বিকৃত ও খর্ব হয়ে যায়।
জিয়া আসলে ছিলেন আমাদের জাতীয় মুক্তিযুদ্ধের তুর্যবাদক বা হুইসেলব্লোয়ার। এই হুইসেল বাজানোকে অস্বীকার করলে মুক্তিযুদ্ধকেই অস্বীকার করা হয়। স্বাধীনতার পর নিরাপদ সময়ে প্রচারণার ধুম্রজালে সেই অসামান্য ভূমিকাকে তাচ্ছিল্য করা খুব শস্তা কিন্তু সেই ঘোর অমানিশার অন্ধকারে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে জিয়া যা করেছিলেন, তা ইতিহাসের অংশ হয়েই থাকবে।
১৯৭১ সালের ২৫ ও ২৬ মার্চের মধ্যবর্তী রাতে পাকিস্তানী সেনারা নিধনযজ্ঞ শুরু করলে চট্টগ্রামে কর্মরত ‘সামান্য মেজর’ জিয়া ‘উই রিভোল্ট’ বলে পাকিস্তানী শাসন কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেন। সামরিক কৌশলে প্রতিপক্ষকে বন্দী করেন। নিজের ইউনিটের অনুগত বাংলাভাষী সৈনিকদের উদ্দেশে স্বাধীনতা যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে তাদেরকে শপথ করান। প্রতিরোধ যুদ্ধ আরো অনেক জায়গায় হয়েছে কিন্তু জিয়া স্বাধীনতা যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষনাটা দেন। এরপর তিনি কালুরঘাট বেতার সম্প্রচার কেন্দ্র থেকে তার স্বাধীনতার ঘোষণা ইথারে ছড়িয়ে দেন সবখানে। স্বাধীনতা যখন সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অর্জনের বিষয়, তখন নিরস্ত্র কারো ভূমিকা গৌণ হয়ে যায়। রণাঙ্গনের একজন সামান্য মেজরের ঘোষণাই তখন অসামান্য হয়ে ওঠে। চাপিয়ে দেয়া যুদ্ধে আক্রান্ত মানুষ একজন যোদ্ধার ঘোষণাতেই তখন ভরসা পায়। জিয়া জাতিকে সেই বরাভয়ই শুনিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি পাকিস্তানী শাসন কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহকে তাঁর ঘোষণার মাধ্যমে স্বাধীনতাযুদ্ধে উন্নীত করেছিলেন।
জিয়া বেতারে একবার একটা ঘোষণা দিয়েই সটকে পড়েন নি। তিনি কয়েকদিন ধরে বারবার ঘোষণা দিয়েছেন। একই ঘোষণা নয়। ছোটো বড় অনেকগুলো ঘোষণা। তাঁর কন্ঠে উচ্চারিত স্বাধীনতার প্রথম ঘোষণাটি ছিল সংক্ষিপ্ত। তিনি নিজেকে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপ্রধান ও প্রধান সামরিক অধিনায়ক হিসেবে উল্লেখ করে সে ঘোষণা দিয়েছিলেন। এটা না করলে মুক্তিযুদ্ধ বৈধতা পেতো না। কেননা এই ভূখণ্ডে তখন পাকিস্তান সরকারের বৈধ কর্তৃত্ব ছিল। সেই কর্তৃত্বকে অস্বীকার করে, তার বিরুদ্ধে বিদ্রোহ করে একটি পালটা শাসন-কাঠামো দাঁড় না করালে স্বাধীনতা যুদ্ধ বৈধতা অর্জন করেনা। জিয়া সে কাজটিই করেছিলেন। ‘আমি মেজর জিয়া বলছি’ বলে নিজের নামেই স্বাধীনতা ঘোষণা করেন। রাজনৈতিক নেতৃত্বের অক্ষমতা ও ব্যর্থতা তিনি মোচন করেছিলেন সেই দুঃসাহসী ও ঐতিহাসিক সঠিক ভূমিকার মাধ্যমে।
অতুলনীয় দেশপ্রেমের কোনো ঘাটতি এবং ঐতিহাসিক কর্তব্য পালনের ক্ষেত্রে কোনো সংকীর্ণতা জিয়ার মধ্যে ছিল না। কেননা চট্টগ্রামের স্থানীয় রাজনৈতিক নেতাদের পরামর্শ মেনে তিনি তাঁর ঘোষণায় শেখ মুজিবুর রহমানের নাম যুক্ত করতে দ্বিধাবোধ করেন নি। কেননা, পাকিস্তানীদের হাতে বন্দী শেখ মুজিব তখন ছিলেন নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা। তাঁর নামে ঘোষণা হলে সেটির গ্রহনযোগ্যতা বাড়ে এবং বিভ্রান্তি সৃষ্টির অবকাশ থাকে না। তাই জিয়া তাঁর দ্বিতীয় ঘোষণায় উল্লেখ করেন ‘অন বিহাফ অব আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান’ তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও সরকার গঠন করেছেন। ইংরেজিতে দেয়া ঘোষণাগুলোতে জিয়া বারংবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আন্তর্জাতিক সাহায্য-সহযোগিতা ও স্বীকৃতি চেয়েছেন। তিনি বাংলাদেশ রাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও নীতিমালার কথাও ঘোষণা করেন। জিয়া ছাড়া তখন বাংলাদেশের কোনো ঘোষিত সরকার ছিল না এবং স্বাধীনতা যুদ্ধের কোনো ঘোষিত অধিনায়কত্বও ছিল না।
১৯৭১ সালের ৪ এপ্রিল তদানীন্তন বৃহত্তর সিলেট জেলার তেলিয়াপাড়া চা বাগানে বাংলাদেশের সামরিক অধিনায়কদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে মুক্তিফৌজ গঠন, সেক্টর বিভাজন, অধিনায়কদের দায়িত্ব অর্পণ এবং এম.এ.জি ওসমানীকে সর্বাধিনায়ক করা হয়। এর মাধ্যমে অস্থায়ী প্রধান সামরিক অধিনায়ক হিসেবে জিয়ার আপদকালীন ভূমিকার অবসান ঘটে। তাঁকে প্রথমে সেক্টর কমান্ডার ও পরে ব্রিগেড কমান্ডারের দায়িত্ব দেয়া হয়। তেলিয়াপাড়ায় মুক্তিফৌজ গঠনকালেই বাংলাদেশ সরকার গঠনের প্রস্তাব গৃহীত হয়। তারই আলোকে ১০ এপ্রিল নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে মুজিবনগর সরকার নামে প্রবাসী সরকার গঠিত হয়। ১৭ এপ্রিল মেহেরপুরের আম্রকাননে সেই সরকারের শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠিত হয়। সেখানে রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণাপত্র গৃহীত হয়। রাজনৈতিক নেতৃত্বের কর্তৃত্ব গ্রহনের মাধ্যমে অস্থায়ী রাষ্ট্রপ্রধান রূপে জিয়ার সাময়িক দায়িত্বেরও অবসান ঘটে।
স্বাধীনতার হুইসেলব্লোয়ার হবার দায়িত্ব সহজ নয়। কোনো গোপন চিরকুট দিয়ে বা এর-ওর মারফত সেটা করা যায়না। জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সদর্পে সদম্ভে স্বকণ্ঠে স্বাধীনতার ঘোষণা উচ্চারণ করা, পাকিস্তানী শাসন কর্তৃত্বকে অস্বীকার করে নিজেকে পালটা শাসন ও সামরিক কর্তৃত্বের প্রধান ঘোষণা করা এক ঐতিহাসিক অসামান্য কাজ। এক সামান্য মেজর সেই অসামান্য কাজটি করেই ইতিহাসে অনন্যসাধারণ হয়ে উঠেছেন।
অনেক জাতির রাজনৈতিক নেতৃত্ব স্বাধীনতাযুদ্ধ ও গেরিলাযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন। আমাদের স্বাধীনতাযুদ্ধের ঘটনাপ্রবাহ কিছুটা আলাদা। এক হাজার মাইল দূরবর্তী দু’টি ভূখণ্ড নিয়ে গঠিত একটি রাষ্ট্রের প্রকৃতিও আলাদা ছিল। প্রগতিশীল রাজনৈতিক নেতা-কর্মী, ছাত্র-তরুণ ও সাংস্কৃতিক বলয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা তীব্রতর হওয়া সত্বেও ১৯৭০-এর সাধারণ নির্বাচনের ফলাফল মান্যতা পেলে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু না হয়ে শেখ মুজিবুর রহমান হতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি তাঁর সে বৈধ অধিকার লাভের চেষ্টাই করে যাচ্ছিলেন। এটাই ছিল ন্যায়সঙ্গত।
তবে পাকিস্তানী কর্তৃপক্ষ আলোচনার ছলে সামরিক প্রস্তুতি নিয়ে রাতের অন্ধকারে কাপুরুষোচিত মারণযজ্ঞ শুরু করে। এতে রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। শেখ মুজিব বন্দিত্ববরণ করেন। অন্য নেতারা পালিয়ে যান। সে সময়ের কঠিন বাস্তবতা অনুধাবন করলেই বুঝা যায় জিয়াউর রহমানের ভূমিকা কতটা ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ছিল।
অন্ততপক্ষে গত দুই যুগ ধরে জিয়াউর রহমান সম্পর্কে আওয়ামী লীগের মূল্যায়ন ও প্রচারণা মোটামুটি সকলেই জানে। একটা মানুষ অনেক আগে নিহত হয়েছেন কিন্তু তাঁর সম্পর্কে একটি ইতিবাচক বাক্যও তারা উচ্চারণ করেনি। শ্রদ্ধা জানানো দূরের কথা, এমন কোনো কুৎসা নেই যা তারা রটনা করতে বাদ রেখেছে। তাঁর শাসনামলের সমালোচনা শুধু নয়, স্বাধীনতা ঘোষণার কথাটাও স্বীকার করেনি। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বীরউত্তম খেতাব অর্জনকারী একজন সেক্টর কমান্ডার জিয়াউর রহমান। যুদ্ধ চলাকালেই গঠিত ব্রিগেড আকৃতির জেড ফোর্স-এর অধিনায়ক হিসেবে উন্নীত হন তিনি। অথচ সেই জিয়াউর রহমান আসলেই মুক্তিযোদ্ধা ছিলেন কিনা আওয়ামী লীগের নাবালক নেতা-কর্মীরা পর্যন্ত বিলিয়ে বেড়িয়েছে সেই সন্দেহের সার্টিফিকেট।
“জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানী চর, মন থেকে মুক্তিযুদ্ধ করেননি, স্বাধীনতার চেতনার তিনি বারোটা বাজিয়েছেন, সোয়াত জাহাজের অস্ত্র খালাসের জন্য যাবার পথে পাব্লিক জিয়াকে ধরে এনে তাকে দিয়ে রেডিওতে স্বাধীনতার কথা বলিয়ে নেয়” – এসব আওয়ামী বয়ান শুনতে শুনতে আমাদের কান পচে গেছে। অথচ জিয়া যখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেননি, ক্ষমতায় আসেননি, দল করেননি তখন আওয়ামী লীগ কি এসব কথা বলেছে?
যে আওয়ামী লীগ কখনো পারতপক্ষে অন্য কারো কৃতিত্ব স্বীকার করেনা সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ মুক্তিযুদ্ধ শুরুর পর ১৯৭১ সালের ১১ এপ্রিল প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে দেয়া প্রথম বেতার ভাষণে বলেছিলেন: “চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের সমর পরিচালনার ভার পড়েছে মেজর জিয়াউর রহমানের ওপর। নৌ, স্থল ও বিমান বাহিনীর আক্রমণের মুখে চট্টগ্রাম শহরে যে প্রতিরোধব্যূহ গড়ে উঠেছে এবং আমাদের মুক্তিবাহিনী ও বীর চট্টলের ভাইবোনেরা যে সাহসিকতার সাথে শত্রুর মোকাবেলা করেছেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই প্রতিরোধ স্টালিনগ্রাডের পাশে স্থান পাবে। এই সাহসিকতাপূর্ণ প্রতিরোধের জন্য চট্টগ্রাম আজও শত্রুর কবলমুক্ত রয়েছে। চট্টগ্রাম শহরের কিছু অংশ ছাড়া চট্টগ্রাম ও সম্পূর্ণ নোয়াখালী জেলাকে মুক্ত এলাকা বলে ঘোষণা করা হয়েছে।”
মুক্তিযুদ্ধের সূচনাতেই জিয়াউর রহমানের বীরত্ব, সাফল্য ও কৃতিত্বের ব্যাপারে যুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রীর ভাষণে মুক্তকণ্ঠে উচ্চারিত এই উচ্ছ্বসিত প্রশংসা আমাদের জাতীয় ইতিহাসের এক অমোচনীয় রেকর্ড। সেই একই ভাষণে আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় উল্লেখ করেন প্রধানমন্ত্রী তাজউদ্দীন। তিনি বলেন: “এই প্রাথমিক বিজয়ের সাথে সাথে মেজর জিয়াউর রহমান একটি পরিচালনা কেন্দ্র গড়ে তোলেন এবং সেখান থেকে আপনারা শুনতে পান স্বাধীন বাংলাদেশের প্রথম কন্ঠস্বর। এখানেই প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষণা করা হয়।”
কালুরঘাটের বেতার তরঙ্গ মারফত জিয়াউর রহমানের স্বকণ্ঠে দেয়া ঘোষণাকে সেই সময়েই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী বলছেন: ‘স্বাধীন বাংলাদেশের প্রথম কণ্ঠস্বর।’ এর অর্থ খুব পরিষ্কার। এই ঘোষণার আগে আর কোনো কণ্ঠ থেকেই উচ্চারিত হয়নি বাংলাদেশের স্বাধীনতার কথা, এটাই প্রথম। প্রধানমন্ত্রীর দায়িত্বে থেকে সারা দুনিয়ার সামনে দেয়া বেতার ভাষণে তিনি কি নিশ্চিত না হয়ে এই কথা এতো স্পষ্ট করে বলেছিলেন? কেবল তাই নয়, জিয়াউর রহমান নিজেকে অস্থায়ী রাষ্ট্রপতি ও মুক্তিবাহিনীর সাময়িক প্রধান হিসেবে উল্লেখ করে সরকার গঠনের যে ঘোষণা দেন, জনাব তাজউদ্দীন সে ঘোষণাও তাঁর এই বক্তব্যের মাধ্যমে অনুমোদন করেন। তার সে অনুমোদন স্পষ্ট হয়: “এখানেই প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষণা করা হয়” -এই বাক্যটির মাধ্যমে। আর এতেই স্বাধীনতার ঘোষণাকাল থেকেই স্বাধীন বাংলাদেশের সরকার ধারাবাহিকতা পায়।
মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের ব্যাপারে আওয়ামী লীগের দলীয় স্বীকৃতির আরেকটি রেকর্ড ইতিহাসে রয়ে গেছে। তখন প্রেক্ষাপট ভিন্ন। দেশ সদ্য স্বাধীন হয়েছে। অপ্রতিরোধ্য মর্যাদায় ‘বঙ্গবন্ধু’ খেতাবে ভূষিত শেখ মুজিবুর রহমান তাঁর অনুপস্থিতিতে রাষ্ট্রপতি হিসেবে ঘোষিত হয়েছিলেন। তিনি পাকিস্তানের বন্দীদশা থেকে বিজয়ীর বেশে ফিরে এসে সদ্যস্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়ে শাসনভার হাতে নিয়েছেন। মুক্তিযুদ্ধের সরকারের নেতা তাজউদ্দীনকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে অর্থমন্ত্রী হয়ে এককোণায় সরতে হয়েছে। আকাশচুম্বী জনপ্রিয়তা সত্বেও শেখ সাহেব মুক্তিযুদ্ধে নিজের অনুপস্থিতির কারণে যুদ্ধকালীন ঘটনাপ্রবাহের ব্যাপারে খুবই স্পর্শকাতর ছিলেন। উনার অনুপস্থিতিতে নেতৃত্ব দেয়ার কারণে ব্যক্তি তাজউদ্দীনকে এবং আরো অনেক কিছুকেই তিনি খুব সহজ করে নিতে পারতেন না। তাঁকে খুশি রাখতে তখন ঐসব প্রসঙ্গে সকলকেই খুব মেপে কথা বলতে হয়।
এরকম একটা পরিস্থিতিতে স্বাধীনতার পরপর ১৯৭২ সালের ৭-৮ এপ্রিল আওয়ামী লীগের কাউন্সিল হয় শেখ সাহেবের সভাপতিত্বে। সেই কাউন্সিলে সকলের সম্মতিতে পাস হওয়া সাধারণ সম্পাদকের রিপোর্টে আছে জিয়াউর রহমান সম্পর্কে কয়েকটি কথা। তাতে বলা হয়েছে : “আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শক্রমে চট্টগ্রামে সশস্ত্র সংগ্রামেরত মেজর জিয়াউর রহমান বেতার মারফত বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা প্রচার করেন এবং বাংলাদেশে গণহত্যা রোধ করতে সারা পৃথিবীর সাহায্য কামনা করেন।”
স্বাধীনতা যুদ্ধ চলাকালে প্রধানমন্ত্রীর ভাষণে জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার মোটামুটি একক কৃতিত্ব দেয়া হলেও স্বাধীনতার পর আওয়ামী লীগ বিষয়টাকে একটু মডিফাই করে। এটাকে একেবারে মিথ্যাও বলা যাবেনা। নিজের নামে স্বকণ্ঠে স্বাধীনতার ঘোষণা কয়েকবার দেয়ার পর আওয়ামী লীগের স্থানীয় নেতাদের অনুরোধে নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা হিসেবে শেখ সাহেবের নাম তাতে যুক্ত করেছিলেন জিয়াউর রহমান। কেননা জাতির ঘোর সংকটকালে তাঁর নিজের কৃতিত্ব নেয়ার কোনো উদ্দেশ্য ছিল না, তাঁর লক্ষ্য ছিল স্বাধীনতা। শেখ সাহেব তখন এই অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা। ঘোষনাটি তাঁর পক্ষ থেকে দেয়া হলে এর গ্রহনযোগ্যতা আরো বাড়ে। এই যুক্তি ও পরামর্শ শোনার পর তিনি সেটা করতে মোটেও দ্বিধা বা বিলম্ব করেননি।
যাই হোক, শেখ সাহেব নিজে এবং তাজউদ্দীন সহ প্রবাসী সরকারের সব নেতার সম্মতিতে পাস হওয়া রিপোর্টে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা সম্পর্কে আওয়ামী লীগের এটাই একমাত্র অফিসিয়াল পজিশন এবং এটা ইতিহাসের রেকর্ড। পরবর্তীকালে আওয়ামী লীগ অয়্যারলেস, টেলিগ্রাম, টেলিপ্রিন্টার বা এর ওর মারফত বার্তা পাঠানোর যে-সব গল্প চালু করেছে সেগুলোর কোনোটি কিংবা অন্য কোনো ভাবে অন্য কারো স্বাধীনতা ঘোষণার কোনো ভাষ্য আওয়ামী লীগ কাউন্সিলের ওই রিপোর্টে নেই। ওই ঘোষণায় জিয়া বাংলাদেশে গণহত্যা রোধে সারা পৃথিবীর সাহায্য চেয়েছেন বলেও স্বীকার করা হয়েছে। জিয়াউর রহমানের স্বকণ্ঠে প্রচারিত ঘোষণাটিকেই আওয়ামী লীগ তাদের ভাষায় ‘বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা’ বলে উল্লেখ করে এবং রিপোর্টের পরবর্তী বাক্যেই বলা হয়: “বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার কথা জানতে পেরে বাংলার মানুষ এক দুর্জয় প্রতিরোধ আন্দোলন গড়ে তুললো। সারা বাংলাদেশে সামরিক, আধাসামরিক ও বেসামরিক কর্মীরা অপূর্ব দক্ষতা, অপরিসীম সাহসিকতা ও অতুলনীয় ত্যাগের মনোভাব নিয়ে মাতৃভূমির স্বাধীনতা রক্ষার সংগ্রামে অগ্রসর হন।” আওয়ামী লীগের সেই ঐতিহাসিক দলিলই বুঝিয়ে দিচ্ছে, আগে কিংবা পরে নয়, অন্য কোনো ভাবেও নয়, জিয়ার কণ্ঠেই উচ্চারিত হয়েছে স্বাধীনতার ঘোষনা। মুজিবের নামাঙ্কিত জিয়ার সেই ঘোষণাই স্বাধীনতার তূর্যধ্বনি। এই ডাকের ফলেই স্বাধীনতার লড়াই শুরু হয়। মারুফ কামাল খান : সিনিয়র সাংবাদিক ও লেখক

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ