মালয়েশিয়ায় দূতাবাস কর্মকর্তাদের প্রত্যাহার ও ইএসকেএল বন্ধের দাবি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ

আশরাফুল মামুন, মালয়েশিয়া
১৫ লাখ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীর তথ্য পাচার, হয়রানি নির্যাতন ও দুর্নীতি বিরুদ্ধে মালয়েশিয়ায় ইএসকেএলের কার্যক্রম বন্ধ এবং এটি রক্ষার ‘অপচেষ্টায় লিপ্ত’ হাইকমিশনার শামীম আহসান, ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, দূতালয় প্রধান প্রনব কুমার ভট্টাচার্য ও পররাষ্ট্র সচিব জসিম উদ্দীনের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশীরা।
গতকাল সন্ধ্যায় কুয়ালালামপুর বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রবাসীরা অভিযোগ করেন, ইএসকেএলের সাথে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চুক্তির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করা ও পাসপোর্ট সেবার নামে অতিরিক্ত টাকা নেয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে প্রতিষ্ঠাটির বিরুদ্ধে।
তারা আরো বলেন, বিভিন্ন মাধ্যমে জানা যায় যে এই প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখার জন্য হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরসহ কয়েকজন জড়িত আছেন।
সংবাদ সম্মেলনে প্রবাসীরা ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরকে অপসারণের দাবি জানান। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য নোটিশ প্রেরণ করা হলেও তিনি সরকারি নিয়মের তোয়াক্কা না করেও হাইকমিশনে বহাল তবিয়তে অবস্থান করছেন।
একইসাথে অবৈধভাবে হওয়া ইএসকেএলের সাথে চুক্তি বাতিল করে হাইকমিশনের মাধ্যমে আরো জনবল নিয়োগ দিয়ে পাসপোর্ট সেবা প্রদানের আহ্বান জানান প্রবাসীরা।
তারা মালয়েশিয়ায় প্রবাসীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা থেকে মাল্টিপল ভিসা দেয়া ও সরকারি খরচে বিভিন্ন দুর্ঘটনায় নিহত হওয়া প্রবাসীদের লাশ সরকারি খরচে পাঠানো ও প্রবাসে মারা যাওয়া প্রবাসীর ইন্স্যুরেন্স ও ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের কাছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোকাম্মেল হোসেন, আমির হোসেন, সীমান্ত, রানা, জুবায়ের হোসেন আল আমিন সালাউদ্দিন শিকদার শিহাব উদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রিন্ট, ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।
জনতার আওয়াজ/আ আ