কোনো পরাশক্তি বাংলাদেশকে ছোট করে দেখতে পারবে না : বিএমজেপি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোনো পরাশক্তি বাংলাদেশকে ছোট করে দেখতে পারবে না : বিএমজেপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ২:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ২:৩২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল বলেছেন, বাংলাদেশ আয়তনে ছোট হলেও ভূ-রাজনীতির কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। পৃথিবীর কোনো পরাশক্তি বাংলাদেশকে ছোট করে দেখতে পারবে না।

তিনি বলেন, একটি মর্যাদাশীল জাতি হিসেবে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। সেই জন্য প্রতিবেশী দেশসহ পৃথিবীর সকল দেশের সঙ্গে আমাদের সুসম্পর্কের বিকল্প নেই। অবশ্যই সেই সম্পর্ক হবে সমমযার্দা ও ন্যায্যতার ভিত্তিতে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত দলটির এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিএমজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বাংলাদেশকে পাঁচটি রাজ্যে বিভক্ত করে রাজ্য সরকার ব্যবস্থা প্রচলনের দাবি জানানো হয়। এ ছাড়া ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই আদর্শ প্রতিষ্ঠা করা, সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের মৌলিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা, জাতীয় শিক্ষাক্রমের সকল পর্যায়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভরসহ অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলনশীল পাঠ্যপুস্তক প্রণয়ন ও পাঠদানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করাসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবি জানায় নতুন নিবন্ধন পাওয়া এই দলটি।

সুকৃতি কুমার মন্ডল আরও বলেন, ছাত্র-গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নিয়ে সেই অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে বর্তমানে দেশের সামগ্রিক পরিস্থিতিতে স্থিতিশীলতা নিয়ে এসেছে। আর এ কাজে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে সেনাবাহিনী মানুষের সঙ্গে মিশে যেভাবে কাজ করছে, তা এককথায় অভূতপূর্ব। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি উত্তরণে দেশের বড় বড় রাজনৈতিক দল ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকাও প্রশংসনীয়।

বিএমজেপিকে নিবন্ধন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও উচ্চ আদালতকে ধন্যবাদ জানিয়ে দলটির এই সভাপতি বলেন, ভয়কে জয় করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বিএমজেপি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব দিলীপ রায়, যুগ্ম মহাসচিব ডা. ফাইজুর রহমান, অ্যাডভোকেট তারক চন্দ্র রায়, অ্যাডভোকেট সুধীর কুমার সূত্রধর প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ