ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
পাঁচ কমিশনের দেওয়া সুপারিশগুলোর ওপর মতামত দিতে তৃতীয় দিনের মত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে বিএনপি।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে জাতীয় সংসদের এলডি হলে এই আলোচনা শুরু হয়েছে। এর আগে গেল বৃহস্পতিবার এবং রবিবার দিনভর আলোচনার পরে বৈঠক মূলতবি করা হয়েছিলো।
এই আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ চার সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন।
বিএনপির এই প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, দলটির বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।
জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে রয়েছেন কমিশন সদস্যদের বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী(ঐকমত্য) মনির হায়দার।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, আইন বিভাগ, বিচার বিভাগ, দূর্নীতি দমন কমিশন প্রভৃতির সংস্কার, জাতীয় সাংবিধানিক কাউন্সিল(এসিসি), নির্বাচন ব্যবস্থা, নির্বাহী বিভাগ, সংবিধান সংস্কার প্রভৃতি বিষয়ে গত দুই দিন কমিশনের সাথে তাদের আলোচনা হয়েছে। রবিবারের আলোচনা যেখানে শেষ হয়েছে সেখানে থেকে তারা আবার আলোচনা শুরু করবেন।
তিনি আশা করছেন, ‘আজকে আলোচনা সম্পন্ন হবে।’
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে সংস্কার তদারকির জন্য দুই ধাপে ১১টি কমিশন গঠন করা হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই পাঁচটি সংস্কার কমিশনের সমন্বয়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। সেদিন ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপিসহ সবগুলো রাজনৈতিক দলের প্রথম বৈঠক হয়।
এরপর সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর ৩৯টি রাজনৈতিক দলের মতামত জানতে চায় ঐকমত্য কমিশন। ৩৪টি দল তাদের মতামত তুলে ধরে, যাদের সঙ্গে এখন আলাদা করে বৈঠক করছে কমিশন।
ইতোমধ্যে ১৫ টি রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন৷ আর বিএনপির সঙ্গে তৃতীয় দফা আলোচনা চলছে এখন।
জনতার আওয়াজ/আ আ