পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ ২:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ ২:৩৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং বাংলাদেশ পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে ইতালি সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে সচিবালয়ে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

সাক্ষাৎকালে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রী মাতেও পিয়ান্তেদোসির আসন্ন বাংলাদেশ সফর (আগামী ৫ থেকে ৬ মে), অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, নিরাপত্তা খাতে সহযোগিতা, পুলিশ ও বিজিবিকে উন্নত প্রশিক্ষণ প্রদান, জনশৃঙ্খলা রক্ষা ও আন্তঃদেশীয় অপরাধ দমনে পুলিশের দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে ইতালির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালি বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। তিনি বলেন, ইতালিতে কর্মরত বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে এদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভূত অবদান রাখছেন। বর্তমানে প্রায় ২ লাখ ৫০ হাজার বাংলাদেশি দক্ষ কর্মী দেশটিতে কাজ করছেন। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরের মাধ্যমে সেখানে কর্মরত দক্ষ বাংলাদেশি কর্মীর সংখ্যা আরও বাড়বে এবং এর মাধ্যমে দুদেশের পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক আরও দৃঢ়তর হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর সম্পর্কে রাষ্ট্রদূত জানান, সফরে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ৫ মে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে এবং তার (স্বরাষ্ট্র উপদেষ্টার) সঙ্গেও একটি দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেসময় উভয়পক্ষের সম্মতি সাপেক্ষে অবৈধ অভিবাসন রোধ, আন্তঃদেশীয় অপরাধ দমন, দুদেশের পুলিশের পারস্পরিক সহযোগিতা ইত্যাদি বিষয়ে ঘোষণা বা সমঝোতা স্মারক বা চুক্তি সই হতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক নিয়মকানুন মেনে বৈধ চ্যানেলে জনশক্তি রফতানিতে আগ্রহী। তিনি বলেন, আমরা অবৈধ অভিবাসনের বিপক্ষে। ইতালিসহ বিভিন্ন দেশে গমনের ক্ষেত্রে যেসব দালাল ও অবৈধ মানবপাচার চক্র সক্রিয় রয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রদূত এসময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন এবং ইতালি সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন) মো. শামীম খান, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (রাজনৈতিক-১) মু. জসীম উদ্দিন খান, ঢাকায় ইতালি দূতাবাসের মাইগ্রেশন অ্যাটাচে গুইসেপ জিয়োভানি প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ