যারা নির্বাচন পেছাতে চায় তারা ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে : সালাম - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যারা নির্বাচন পেছাতে চায় তারা ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে : সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৪, ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৪, ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, যারা নির্বাচন পেছাতে চায় তারা ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাতে চান, যারা নির্বাচন চায় না তারা হাসিনাকে টুপ করে দেশে প্রতিষ্ঠিত করতে চান। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনতা তাদের এ খায়েশ মিটতে দিবে না।

তিনি বলেন, আমরা শুরু থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে আসছি। আমরা এ সরকারের প্রতিদ্বন্দ্বী নই। কিন্তু নবগঠিত একটি দল বিএনপিকে এ সরকারের প্রতিদ্বন্দ্বী বানানোর অপচেষ্টা করছে।

শনিবার (৩ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ১০ম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হামিদুর রহমান হামিদ, নাসিমা আক্তার কল্পনা (শহীদ নাসির উদ্দিন পিন্টুর সহধর্মিণী), ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, হাজী মনির হোসেন, সাইদুর রহমান মিন্টু, ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেনসহ মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা।

সালাম বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছেন। আমি বলতে চাই নির্বাচনের জন্যই আপনাদের আনা হয়েছে। হাসিনা ১৫ বছর কোনো নির্বাচন দেয় নাই- এ জন্যই সে ফ্যাসিস্ট হয়েছে।

তিনি ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, কে কী বলল সেগুলো না দেখে এ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছে তাতে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলোকে সামনে রেখে নির্বাচনের তপশিল ঘোষণা করুন।

সভাপতির বক্তব্যে মজনু বলেন, যারা আন্দোলনে বিএনপির ভূমিকা খোঁজেন, তাদের জন্য আজকের দিনে নাসির উদ্দিন আহমেদ পিন্টু মূল উদাহরণ। বিএনপির নেতাকর্মীরা যদি আপোষ করতো তাহলে বিগত দেড় যুগে পিন্টুর মতো তাদের অসহায়ভাবে জীবন দিতে হতো না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ