ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল, বেগম খালেদা জিয়ার অপেক্ষায়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ৬, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ৬, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবরে রাজধানীর গুলশানে তাঁর বাসভবন ‘ফিরোজা’র সামনে সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন দলের শত শত নেতাকর্মী।
মঙ্গলবার (৬ মে) গুলশান বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে শত শত নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।
যদিও এখনও এয়ার অ্যাম্বুলেন্সে তাঁর ঢাকায় অবতরণ হয়নি বিএনপি চেয়ারপারসন, তবুও তাঁর আগমনে আবেগে-উৎসবে মেতে উঠেছেন বিএনপির নেতা-কর্মীরা। গুলশানের ৭৯ নম্বর সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মিলিয়ে সেখানে গড়ে উঠেছে নিরাপত্তার কড়া বলয়।
দলীয় পতাকা হাতে নেতা-কর্মীদের অনেকে জোর গলায় বলছেন, “দেশনেত্রী ফিরছেন—এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি।” কেউ কেউ আবার মুঠোফোনে ফেসবুক লাইভে আছেন ফিরোজার সামনে থেকে।
রাজনীতির মাঠে খালেদা জিয়ার এ প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। কারও কাছে এটি মাইনাস টু তত্ত্বের ব্যর্থতা, কারও কাছে এটি শুধু একজন নেত্রীর ঘরে ফেরা নয়—একটি রাজনৈতিক বার্তা।
আর ফিরোজার সামনে যারা অপেক্ষায়—তাদের জন্য আজকের সকাল এক বিজয়ের প্রত্যাশা। প্রশ্ন একটাই, “নেত্রীর আগমনে কি রাজনীতির গতিপথ পাল্টাবে?”
জনতার আওয়াজ/আ আ