রাজশাহী কলেজে আরও একজন ছাত্রলীগ কর্মী আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহী কলেজে আরও একজন ছাত্রলীগ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ

 

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী কলেজে ক্লাস করতে এসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টা ৪০ মিনিটে কলেজ শাখা ছাত্রদল ও শিবিরের নেতৃবৃন্দ তাঁকে আটকের পর বোয়ালিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

জানা গেছে, ছাত্রলীগের ওই কর্মীর নাম মো. সাগর রেজা (২২)। তিনি রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার উদয় সাগর গ্রামের মো. আলমগীরের ছেলে। গত ৫ আগস্ট সরকারের পতনের আগে সাগর কলেজের মুসলিম ছাত্রাবাসের (E-ব্লকের) আবাসিক শিক্ষার্থী ছিলেন।

তথ্যমতে, আজ বৃহস্পতিবার কলেজে ক্লাস করতে আসেন সাগর। এ সময় ছাত্রদল ও শিবির কর্মীরা তাঁকে চিনতে পেরে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় তাঁর ফোনের ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেখা যায়। ছবিগুলোতে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আওয়ামী লীগ ও কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে এবং ছাত্রলীগের মিছিলগুলোতে তাঁকে সামনের কাতারে অবস্থান করতে দেখা গেছে। এছাড়াও অভিযোগ রয়েছে, রাজশাহী কলেজে ১৬ তারিখের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার দিনেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।

উল্লেখ্য, সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ রহনপুর পৌর শাখা, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ চাঁপাইনবাবগঞ্জ, সাংগঠনিক সম্পাদক মুক্তিযুদ্ধ মঞ্চ গোমস্তপুর উপজেলা শাখা, সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু ছাত্র পরিষদ গোমস্তপুর উপজেলা শাখাসহ বিভিন্ন পদবীর ট্যাগ তাঁর ফেসবুক প্রোফাইলে এখনো যুক্ত রয়েছে।

এ বিষয়ে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, আজ রাজশাহী কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী কলেজে ক্লাস করার জন্য ক্লাসে উপস্থিত হয়। পরবর্তীতে কলেজ ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীরা তাঁকে পুলিশের হাতে তুলে দেয়।

রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি রাসিক দত্ত ও আশিকের ছায়াতলে তিনি রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালাতেন। কলেজে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্নভাবে মারধর করতেন। আমরা তাঁকে চিনতে পেরে সাধারণ শিক্ষার্থীদের মারধরের হাত থেকে বাঁচিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদকে ফোন করা হলে তিনি জানান, তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, এখনো আমার কাছে এসে পৌঁছায়নি। আসলে যাচাই করে দেখবো। নতুন করে তাঁর বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। পূর্বের একটি মামলা চলমান রয়েছে, সেই মামলায় তাঁকে চালান করে দেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ