জবি অবহেলিত, বঞ্চিত ও নিষ্পেষিত, এটা ঐতিহাসিকভাবে সত্য: ড. রইচ উদ্দীন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জবি অবহেলিত, বঞ্চিত ও নিষ্পেষিত, এটা ঐতিহাসিকভাবে সত্য: ড. রইচ উদ্দীন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১৬, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১৬, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ

 

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পুলিশের হামলার বিচার ও তিন দফা দাবিতে আজ তৃতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন জবি শিক্ষক-শিক্ষার্থীরা। পূর্বে ঘোষণা অনুযায়ী, জুমার নামাজের পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে গণ–অনশনে বসবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড.রইচ উদ্দীন বলেন, ঢাকা শহরের প্রাণকেন্দ্র এ রাস্তায় আমাদের শিক্ষার্থীরা জড়ো হওয়ায় জনদুর্ভোগ হয়েছে, সেটা জানি। আমাদের দাবি যদি যৌক্তিক হয়, সরকার আন্তরিক হলে সেটাতো প্রথমদিনই নিরসন করতে পারত। কিন্তু সেটা এখনো হয়নি।

তিনি আরো বলেন, জগন্নাথ অবহেলিত, বঞ্চিত ও নিষ্পেষিত, এটা ঐতিহাসিকভাবে সত্য। এই বৈষম্য নিরসনের জন্য শিক্ষার্থীদের আন্দোলনে দলমত নির্বিশেষে সবাই একাট্টা। আমাদের দাবি পূর্ণাঙ্গরূপে মানতে হবে। আমরা এমন একটি পর্যায়ে উপনিত হয়েছি, যেখান থেকে আর পেছনে যাওয়ার সুযোগ নেই।

জবি শিক্ষার্থীদের প্রাথমিকভাবে দাবি ছিল তিনটি। এগুলো হলো,

১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি,
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন,
৩.বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন।

এসব দাবি নিয়ে গত বুধবার আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য যাওয়ার সময় কাকরাইল মোড়ে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।
এরপর শিক্ষার্থীরা সেখানেই অবস্থান কর্মসূচি শুরু করেন এবং জানান যে, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা না করে তারা ফিরে যাবেন না এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার নিশ্চিত করাও দাবির অন্তর্ভুক্ত করেন।

কিন্তু সরকারের পক্ষ থেকে কোন আশানুরূপ ফলাফল না আসায়, জবির প্রশাসন ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণা দেন।

গতকাল রাতে আলোচনার জন্য উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন শিক্ষা উপদেষ্টা ও উপদেষ্টা আসিফ মাহমুদের বাসায় দীর্ঘসময় বৈঠক করলেও, কোনো সমাধান আসেনি।

পরে রাত ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন জানান, শুক্রবার জুমার পর তারা গণঅনশনে বসবেন বলে জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ