এবার ইশরাক সমর্থকদের ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার ইশরাক সমর্থকদের ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১৮, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১৮, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন ব্লকেডের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও আদালতের রায়ে মেয়র ঘোষিত ইশরাক হোসেনের সমর্থকরা।

রোববার ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালে এ ঘোষণা দেন তারা।

আগামীকাল সোমবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগর ভবন ব্লকেড ঘোষণা করেছেন ইশরাক সমর্থকেরা। ‘ঢাকাবাসীর’ পক্ষে কর্মসূচি ঘোষণা করেন মশিউর রহমান।

তিনি বলেন, ‘নগর ভবনের কার্যক্রম আগামীকাল বন্ধ রাখার জন্য সকাল ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আগামীকাল নগর ভবনে ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।’

এ সময় ইশরাক সমর্থকদের ‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ’—স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভকারীরা কেউ কেউ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করছেন। তারা বলছেন, ইশরাককে যতদিন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে না, ততদিন ফটকের তালা খুলবে না। গতকাল উপদেষ্টা আসিফ মাহমুদকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এখন তারা উপদেষ্টার পদত্যাগ চান।

বিক্ষোভে যোগ দেওয়া ৫৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘দেশের বিচার ব্যবস্থার প্রতি যদি সরকারেরই সম্মান না থাকে, তাহলে সাধারণ মানুষ কী করবে? আদালতের রায় বাস্তবায়ন করতে সরকারের কীসের এত ভয়?’

এদিকে ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান নেন তার সমর্থকরা। তাছাড়া শনিবার থেকেই সব কটি ফটকে তালা দেওয়ায় বন্ধ রয়েছে নগর ভবনের সেবা ও স্বাভাবিক কার্যক্রম।

এর আগে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ