আপনারা ‘মাইনাস টু থিওরির’ নতুন কুশীলব কিনা তা ভাবার অবকাশ রয়েছে: উপদেষ্টাদের রিজভী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৬, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আপনারা ‘মাইনাস টু থিওরির’ নতুন কুশীলব কিনা তা ভাবার অবকাশ রয়েছে: উপদেষ্টাদের রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৫, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৫, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা ওয়ান ইলেভেনের মাইনাস টু থিওরির নতুন কুশীলব কিনা, এটা নিয়ে ভাবার অবকাশ রয়েছে।

রবিবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জিয়াউর রহমান তার সাড়ে তিন বছরের রাজত্বকালে অনেক ভালো কিছুর সূচনা করে দিয়েছিলেন। তাই আমি বলতে চাই, ভালো কিছু করতে গেলে বেশি সময় লাগে না। কিন্তু এই যে সরকার সংস্কার সংস্কার করছে, সময় দিচ্ছে, নির্বাচন নিয়ে বলছে এই বলে ডিসেম্বর, এই বলে জুন। এত বেশি সময় লাগার কথা না। আপনি যদি ভালো কিছু করতে চান, সেটা ২-৩ মাসেই করা সম্ভব। আপনার সদিচ্ছা যদি থাকে।

তিনি বলেন, জিয়াউর রহমান সাড়ে তিন বছরে যা করেছেন কৃষি উন্নয়নের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, খাল কাটা, খাদ্য উৎপাদন, নারীর আর্থিক উন্নয়ন প্রতিটি জায়গায় তার অসাধারণ ছোঁয়া, তার যে কৃতিত্ব, সেটি ভোলার নয়।

বিএনপির এই মুখপাত্র বলেন, জনগণের যে নাগরিক স্বাধীনতা এবং সম্মিলিত ইচ্ছার প্রকাশ, সেটিই হলো গণতন্ত্র। এই গণতন্ত্রকে আমাদের মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হলে যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো করতে তো বেশি সময় লাগার কথা না। এখন বিভিন্ন কমিশনে যারা কাজ করছেন, তাদের মধ্যে ঐক্যমতের প্রধান ড. আলী রিয়াজ অত্যন্ত গুণী মানুষ, একাডেমিশিয়ান মানুষ। তারা তো কাজ করে যাচ্ছেন, তাহলে তো বেশি সময় লাগার কথা না। কিন্তু ডিসেম্বর না জুন, এটা কী ধরনের?

আগে সরকারি কর্মকর্তারা বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। তাহলে এখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে কেন? প্রশ্ন রেখে ছাত্রদলের সাবেক এই নেতা বলেন, বিএনপি স্পষ্টভাবে বলেছে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। সেখানে আরও কিছু রাজনৈতিক দল ছিল। এর মধ্যে শুধু জামায়াতে ইসলামি এবং এনসিপি বলেছে এ সময়ের মধ্যে। এই হেঁয়ালিটা কেন? একটি নির্দিষ্ট মাস আপনারা বলতে পারেন, এই মাসে হবে। তারপর না হয় শিডিউল ঘোষণা করলেন কাছাকাছি সময়ের মধ্যে। কিন্তু এটা এত থেকে এতের মধ্যে হবে বলে একটি ধোঁয়াশা তৈরি করে রেখে দেওয়া ব্যাপারটা এখন পরিষ্কার নয়। এর অর্থটা কী?

তিনি বলেন, এখন অনেকে মনে করছেন যে বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বৈরিতা আছে। কিন্তু কোনো বৈরিতা তো নেই। আমরা তো শুরু থেকেই ড. ইউনুস সাহেবকে সম্মান দেখিয়ে, শ্রদ্ধা দেখিয়ে কাজ করছি।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, উপদেষ্টাদের একের পর এক বক্তব্যে বোঝা যাচ্ছে যে আপনারা অত্যন্ত ভেতরে, অত্যন্ত গভীরে বিএনপির বৈরী হয়ে উঠছেন। আমরা ওয়ান ইলেভেনের সময় দেখেছি মাইনাস টু থিওরি। আপনারা সেই থিওরির নতুন কুশীলব কিনা, এটা নিয়ে এখন ভাবার অবকাশ রয়েছে। এটা নিয়ে তো মানুষ ভাববেই। যেটা আপনারা সেই সময় করতে পারেননি, সেটা আবার নতুন কায়দায় করার চেষ্টা করছেন কিনা।

তিনি বলেন, কিছু বুদ্ধিভিত্তিক মানুষ এটার মধ্যে জড়িত। তারা তো মাঝে মাঝেই জ্ঞান দেন, কিন্তু পৃথিবীর কোনো বিপ্লব বা আন্দোলনে এই সমস্ত বুদ্ধিবৃত্তিক মানুষের কোনো অবদান নেই। আর উপদেষ্টা পরিষদে যারা আছেন, তাদের একজন-দুজন ছাড়া এই গণতন্ত্রের আন্দোলনে তাদের কারো সক্রিয় বা দূরবর্তী কোনো ভূমিকা আছে বলে আমাদের জানা নেই। অনেকে আবার দেশেই ছিলেন না।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ