ভিসি-প্রক্টরের পদত্যাগের দাবিতে ভিসি কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ২৬, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ২৬, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার, উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাবি ছাত্রদল।
সোমবার (২৬ মে) বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘ভিসি প্রক্টরের অনেক গুণ, ৯ মাসে দুই খুন’; ‘আমার ভাই কবরে, প্রক্টর কেন চেয়ারে’সহ নানা স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাম্যকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হত্যা করা হয়েছে। আজ ১৩ দিন পার হয়ে গেলো, অথচ সাম্য হত্যার বিচারে কোনও দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর এর কোনও সদুত্তর দিতে পারেননি। আজ আমরা শুধু সাম্য হত্যার বিচার চেয়ে নয়, নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে ব্যর্থ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চাইছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, সাম্য জুলাই অভ্যুত্থানের একজন সম্মুখ যোদ্ধা। সাম্যর মতো একজন জুলাই যোদ্ধার জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ এই ভিসি-প্রক্টর। যে ভিসি-প্রক্টর জুলাই যোদ্ধা এবং ক্যাম্পাসের প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা দিতে পারেনি আমরা তাদের পদত্যাগ চাই।
জনতার আওয়াজ/আ আ