সমালোচনার মুখে সরানো হলো নাটক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ২৮, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ২৮, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ

সম্প্রতি সমালোচনার মুখে ইউটিউব থেকে সরানো হলো নাটক ‘আয়েশা আদিত্য’। ক্ষমা চাইলেন নাটকের অভিনেতা পার্থ শেখ। প্রভাবশালী রক্ষণশীল মেয়ে আয়েশার সঙ্গে আদিত্য নামের হিন্দু সম্প্রদায়ের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আয়েশার পরিবার একসময় তাদের সম্পর্কের কথা জেনে যায়।
এরপর এক সকালে নদীতে আদিত্যের মৃতদেহ পাওয়া যায়। এমনই একটা গল্পে নির্মিত হয়েছে নাটক ‘আয়েশা আদিত্য’। আর এই নাটক নিয়ে সমালোচনা তুঙ্গে। নাটকটিতে আয়েশা চরিত্রে অভিনয় করেছেন সাবরিন আজাদ এবং পার্থ অভিনয় করেছেন আদিত্য চরিত্রে। নাটকটি নির্মাণ করেছেন সজীব খান। নাটকটি প্রচারে আসার পর সমালোচনার মুখে পড়েন কলাকুশলীরা। অনেকেই মনে করেছেন আয়েশা আদিত্য নাটকের মাধ্যমে হিন্দু ছেলে ও মুসলিম মেয়ের প্রেমকে সাধারণ ও গ্রহণযোগ্য বলে উপস্থাপনা করা হয়েছে। আবার অনেকেই মন্তব্য করেছেন যে, এ নাটকে হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে। এর প্রেক্ষিতে ইউটিউব থেকে নাটকটি সরিয়ে ফেলা হয়েছে। এর নির্মাতা এবং অভিনেতা পার্থ এর জন্য ক্ষমা চেয়েছেন। ক্ষমা চেয়ে পার্থ এক ফেসবুক পোস্টে লেখেন, অভিনয় আমার পেশা। গল্পের চরিত্রকে ফুটিয়ে তোলাই আমার কাজ। ব্যক্তিগতভাবে কখনোই কোন মানুষকে অসম্মান করতে শিখিনি বা অসম্মান করিনি। তবে চার বছর আগে একটা নাটক এবং সম্প্রতি আয়েশা আদিত্য নাটকটিতে কাজ করাটা আমার অনুচিত ছিল। এজন্য আমি দুঃখিত ও ক্ষমা চাইছি। ভবিষ্যতে এমন কোন কাজ করবো না যা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।
জনতার আওয়াজ/আ আ