গাইতে গাইতে হঠাৎ মঞ্চে পড়ে গেলেন শাকিরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ২৮, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ২৮, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সুরের জাদুতে নিজে যেমন দুলছিলেন ভক্তদেরও দোলাচ্ছিলেন শাকিরা। ঠিক এই সময়েই ঘটলো এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। গান গাইতে গাইতে হঠাৎ মঞ্চে পড়ে গেলেন তিনি। তবে দ্রুতই উঠে দাঁড়িয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে গান চালিয়ে যান এই পপতারকা।
সোমবার (২৬ মে) কানাডার কুইবেকের মন্ট্রিয়লের বেল সেন্টারে কলম্বিয়ার তারকার কনসার্ট চলাকালে এ দুর্ঘটনা ঘটে। সেই মুহূর্তের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভক্তদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, মঞ্চে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় দুলছিলেন শাকিরা। ঠিক তখনই এ কাণ্ড ঘটে। তবে মুহূর্তেই উঠে দাঁড়িয়ে গান চালিয়ে যান তিনি। ঘটনার পর তিনি নিজেই তার ইনস্টাগ্রাম স্টোরিতে ওই মুহূর্তের একটি ঝলক শেয়ার করেন।
এ ঘটনায় প্রাথমিকভাবে চিন্তিত হলেও মঞ্চে শাকিরার ‘কামব্যাক’ দেখে প্রশংসায় পঞ্চমুখ ভক্ত-অনুরাগীরা। অনেকেই তার পেশাদারিত্বের প্রশংসা করছেন। আবার কেউ কেউ সুস্থতা কামনা করছেন এই সুপারস্টারের।
শাকিরা তার নতুন কনসার্ট ট্যুর শুরু করেছেন চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে। এখন পর্যন্ত এই ট্যুরে তিনি পারফর্ম করেছেন বোস্টন, টরন্টো, মায়ামি, ডেট্রয়েট, হিউস্টন, সান দিয়েগোর মতো শহরে।
জনতার আওয়াজ/আ আ