ঈদের পর রংপুর অচলের হুমকি দিল জাতীয় পার্টির মোস্তফা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদের পর রংপুর অচলের হুমকি দিল জাতীয় পার্টির মোস্তফা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার পুনর্বহালের দাবিতে নগর ভবনের মূল ফটকে বিক্ষোভ সমাবেশ করেছেন তার সমর্থকরা। এ সময় সিটি পরিষদ কার্যকর করতে অন্তর্বর্তী সরকারকে সাতদিনের আলটিমেটাম দিয়ে ঈদের পর লাগাতার আন্দোলনের ঘোষণা দেন মোস্তফা।

বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগর ভবনের মূল ফটকে অবস্থান নেন আন্দোলনকারীরা। এসময় প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন সাবেক মেয়র মোস্তফা ও কাউন্সিলরদের সমর্থকরা।

নগর ভবনের মূল ফটকে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মোস্তাফিজার রহমান মোস্তফা। এসময় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে মোস্তফা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টাকে বলব আগামী সাত দিনের মধ্যে সিটি পরিষদকে পূর্বের মতো কার্যকর করবেন বলে প্রত্যাশা করি। আর যদি না করেন তাহলে ঈদের পরে ১২ অথবা ১৩ জুন থেকে নগর ভবনের মূল ফটকের সামনে মঞ্চ বসিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, সবাই প্রস্তুত থাকবেন। দাবি আদায় করতে গেলে আঙুল বাঁকা করতে হবে। যত ভায়োলেন্স আপনারা করতে পারেন, শাহবাগ অবরোধ করতে পারেন, রংপুরের মানুষ করতে পারে না? আপনারা আপনাদের পূর্ব পুরুষদের কাছে জেনে নেবেন রংপুরের মানুষ কী করতে পারে আর কী করতে পারে না। আগামী দিনে জ্বলে উঠবে রংপুরের সাধারণ মানুষ, আপামর জনতা দলমত নির্বিশেষে সবাইকে রংপুরকে অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছি।

সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে মোস্তফা বলেন, এই সিটি করপোরেশনে এমন একজন দুর্নীতিবাজ বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দিয়েছে যে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। প্রত্যেকটা ফাইলে এক পারসেন্ট কমিশন গুনে নিয়ে তালিকা দেবে তারপরে সই করবে। এরকম একজন বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দিয়ে রংপুর সিটিবাসীর প্রতি স্টিম রোলার চালানো হচ্ছে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর মোখলেসুর রহমান তরু, মকবুল হোসেন, ফেরদৌসি বেগম। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, নজরুল ইসলাম দেওয়ানীসহ ১৫-১৬ জন কাউন্সিলর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ