দ্বন্দ্ব-সংঘাতের পরিণতি খুব খারাপ হবে : মারুফ কামাল খান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
প্রথম নিউজ, অনলাইন: দ্বন্দ্ব-সংঘাতের পরিণতি খুব খারাপ হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মারুফ কামাল খান। শনিবার সকাল পৌনে ১০টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ‘ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলনকারীদের নিয়ে নির্বাচনোত্তর জাতীয় সরকার হচ্ছে বিএনপির অঙ্গীকার। সেই ফয়সালাটা চটজলদি করে ফেলুন। দ্বন্দ্ব-সংঘাতের পরিণতি কিন্তু খুব খারাপ হবে। সমঝোতা ও ঐক্যই সাফল্যের একমাত্র পথ এখন। সবাই মিলে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিয়ে ফেললেই তো সব ঝুট ঝামেলা চুকে যায়। বিরোধী দলের ভূমিকায় কারা থাকবে তাও নির্ধারণ করে ফেলা যায়। ‘আমার চিন্তা, জাতীয়তাবাদী ও মডারেট পার্টিগুলো এবং রব, মান্না, সাকি, সাইফুল হকদের মতো লিবারেল বামেরা বিএনপির সঙ্গে সরকারে থাকবে আর ইসলামিস্টরা থাকবে বিরোধী দলে। আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কেও সর্বসম্মত একটা সিদ্ধান্ত দরকার। নির্বাচনের পরেও ড. ইউনূসের আন্তর্জাতিক খ্যাতি ও গ্রহণযোগ্যতাকে সারা দুনিয়ায় বাংলাদেশকে ব্র্যান্ডিং করার কাজে লাগালে অনেক বড় ফায়দা হাসিল হতে পারে।’
সবশেষে তিনি লেখেন, ‘আমি মনে করি, এগুলো মোটেও ইউটোপিয়া নয়। সবাই ভেবে দেখতে পারেন। চব্বিশের ছাত্র-গণঅভ্যুত্থানের বিজয় জাতীয় জীবনে যে অমিত সম্ভাবনা এনেছে; সংকীর্ণ স্বার্থে ও আত্মশ্লাঘায় আমরা যেন তা ধ্বংস করে না ফেলি’।
জনতার আওয়াজ/আ আ