সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব নয়: সিইসি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ২১, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ২১, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনকে (ইসি) আপনি যতই স্বাধীন বলেন না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব না। কারণ সরকারের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে। এময় সরকারের সঙ্গে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে বলে জানান তিনি।
শনিবার (২১ জুন) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
নির্বাচনের তারিখ নিয়ে সরকারের সঙ্গে দেখা করবেন কি না জানতে চাইলে সিইসি বলেন, ঘটা করে দেখা করার বিষয় না। এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না। সময় হলে সবকিছু জানবেন। সভা-সমিতি ঘোষণা করে সরকারের সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। সরকারের কর্মকাণ্ডের সঙ্গে আমরা সম্পৃক্ত এটা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।
নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন, কেউ সূচি বলে কেউ রোডম্যাপ বলে। এটা নানাজনে নানাভাবে লেখে। আমরা রোডম্যাপ বলবো না। এটাকে একটা কর্মপরিকল্পনা বলতে পারেন। এই কর্মপরিকল্পনা আমরা শুরু করেছি অনেক আগে থেকে।
প্রত্যেকটা অফিসেরই একটা পরিকল্পনা থাকে জানিয়ে নাসির উদ্দিন বলেন, আমাদেরও একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে।
জনতার আওয়াজ/আ আ