নুরুল হুদার ঘটনায় বিচার হওয়া দরকার বললেন রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ২৩, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ২৩, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ

ছবি প্রতিনিধি
জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদার সঙ্গে যে আচরণ হয়েছে নিঃসন্দেহে তা দুঃখজনক। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা অপরাধী, তাদের আইনের আওতায় বিচার হবে। আইনের বাইরে কারও সঙ্গে অসৎ আচরণ করাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থন করে না।’
সোমবার (২৩ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো উপস্থিত থাকে। এমন একটি স্পর্শকাতর স্থানে, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার কথা, সেখানে বেআইনি কাজ চলতে পারে না। তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কী করছে?’
বিএনপির মুখপাত্র আরও বলেন, ‘এই ঘটনাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আমি স্পষ্ট করে জানাতে চাই, আমাদের দলের চেয়ারপারসন মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন—কেউ বিশৃঙ্খলা বা ভাঙচুরে জড়াবে না, দখলদারিত্বে যুক্ত হবে না।’
তিনি বলেন, ‘৫ আগস্টের সময় আমরা যারা জেলে ছিলাম, সেখান থেকে দলের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে যাতে কেউ এমন কোনো অপকর্মে না জড়ায়। এরপরও যদি কারও বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণ পাওয়া যায়, দল তাকে শাস্তি দিয়েছে—কারও বহিষ্কার করা হয়েছে, কারও শোকজ করা হয়েছে, কাউকে তিরস্কার বা সতর্ক করা হয়েছে। এমন চার-পাঁচ হাজার উদাহরণ ইতোমধ্যেই আছে।’
‘বিএনপি যে পদক্ষেপগুলো নিয়েছে, তা থেকেই প্রমাণ হয় যে, বিএনপি শান্তি, গণতন্ত্র ও সুষ্ঠু সমাজব্যবস্থা গঠনে কাজ করে যাচ্ছে। যেখানে নাগরিকের স্বাধীনতা থাকবে—আমরা সেই গণতন্ত্র চাই। সেখানে কেউ বেআইনি আচরণ করলে, বিএনপি তা কখনও বরদাস্ত করবে না,’ বলেন তিনি।
রিজভী আরও বলেন, ‘গতকালের ঘটনায় যারা দোষী, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে, শাস্তি দেবে—এটাই দলের পক্ষ থেকে জানানো হয়েছে।’
এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ প্রমুখ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ