হিজলায় বাঁশ দিয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন বিএনপি নেতা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হিজলায় বাঁশ দিয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২৩, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২৩, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ

 

ছবি : প্রতিনিধি
জনতার আওয়াজ ডেস্ক
বরিশালের হিজলায় সরকারি প্রণোদনার নারকেল গাছের চারা না পেয়ে কৃষি কর্মকর্তাকে বাঁশ দিয়ে পিটিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন দেওয়ান ও তার ছেলে। গুরুতর আহত হিজলা উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফখরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার (২২ জুন) সন্ধ্যা রাতে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর টেকের বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদল নেতাসহ তিনজনের নাম উল্লেখ এবং ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী।

হামলায় নেতৃত্ব দেন- হিজলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস দেওয়ান (৫০) ও তার ছেলে হিজলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম জিসান।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন দপ্তরীর সহযোগী হিসেবে বিএনপির রাজনীতি করেন সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন দেওয়ান। রোববার রাতে কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনার বিষয়টি সালিশ-মীমাংসার চেষ্টা করেন বিএনপি নেতা খোকন দপ্তরী। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে রাতেই এ ঘটনায় মামলা করেন আহত কৃষি কর্মকর্তা ফখরুল ইসলাম।

আহত উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ফকরুল ইসলাম বলেন, সরকারিভাবে উপজেলা কৃষি অফিস থেকে সুবিধাভোগীদের মাঝে কৃষি প্রণোদনার নারকেল চারা বিতরণ করা হয়। উপজেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন দেওয়ান দাবি করেন, প্রণোদনার নারিকেল চারা পাননি তার অনুসারীরা। এ নিয়ে ক্ষুব্ধ হন ওই বিএনপি নেতা।

তিনি আরও বলেন, রোববার সন্ধ্যায় টেকের বাজারে গেলে সেখানে বিএনপি নেতা গিয়াস উদ্দিন দেওয়ান তর্কে জড়ান। একপর্যায় গিয়াস উদ্দিন, তার ছেলে ছাত্রদল নেতা জিসান ও সহযোগী আজমাইন চৌধুরীসহ অন্য সহযোগীরা আমার ওপর হামলা করে। এ সময় তারা বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে ও মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন দেওয়ান। তিনি দাবি করে বলেন, কে বা কারা কৃষি কর্মকর্তার ওপর হামলা করেছে আমার জানা নেই। ষড়যন্ত্রমূলকভাবে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

হিজলা থানার ওসি শেখ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন দেওয়ান, তার ছেলে হিজলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম জিসান ও অপর সহযোগী আজমাইন চৌধুরীকে আসামি করা হয়েছে।

তিনি আর বলেন, অভিযোগটি তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ