জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে ৩৬ দিনের কর্মসূচি শুরু আজ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ ২:২১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গত বছরের (১ জুলাই) দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে আছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সেদিন হঠাৎ করেই রূপ নেয় বৈষম্যবিরোধী বৃহত্তর ছাত্র আন্দোলনে। ঢাকার রাজপথ থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে, যার পরিণতিতে জন্ম নেয় ‘জুলাই গণঅভ্যুত্থান’। ৩৬ দিনের টানা আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি দেশত্যাগ করেন।
এই ঐতিহাসিক ঘটনার এক বছর পূর্তিতে নতুন করে সরব হয়ে উঠেছে দেশের রাজনীতি। বর্ষপূর্তি ঘিরে অন্তর্বর্তী সরকার, বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামী পৃথকভাবে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ (১ জুলাই) থেকে শুরু হচ্ছে এই কর্মসূচিগুলো, চলবে ৫ আগস্ট পর্যন্ত।
অন্তর্বর্তী সরকারের কর্মসূচি
বর্ষপূর্তির অংশ হিসেবে আজ (১ জুলাই) থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আজ দেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ উপাসনালয়গুলোতে শহিদদের স্মরণে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। শুরু হচ্ছে ‘জুলাই হত্যাযজ্ঞের’ খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিও, যা চলবে ১ আগস্ট পর্যন্ত। শহিদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তিও চালু করা হবে। এ ছাড়া প্রকাশ করা হবে ‘জুলাই ক্যালেন্ডার’।
বিএনপির কর্মসূচি
‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি দেশজুড়ে ৩৬ দিনের কর্মসূচি হাতে নিয়েছে। এতে রয়েছে বিজয় মিছিল, মৌন মিছিল, আলোচনা সভা, ছাত্র সমাবেশ, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকারবিষয়ক অনুষ্ঠান এবং ডেঙ্গু-করোনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি।
প্রথমদিন রাতেই ছাত্রদলের উদ্যোগে শহিদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক অনুষ্ঠান হয়েছে। আজ (১ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আলোচনা সভা ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’। এতে শহিদ পরিবারের সদস্যদের সম্মান জানানো হবে। ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এনসিপির কর্মসূচি
‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তিকে কেন্দ্র করে আজ থেকে শুরু হয়েছে এনসিপির ‘জুলাই পদযাত্রা’। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে আয়োজিত এ কর্মসূচি চলবে ৩০ জুলাই পর্যন্ত। রংপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজ পদযাত্রার সূচনা হয়েছে।
এ ছাড়া ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ ও দলের ইশতেহার পাঠ অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই পালিত হবে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ এবং ৫ আগস্ট উদযাপিত হবে ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ হিসেবে।
জামায়াতে ইসলামীর কর্মসূচি
৩৬ দিনের পৃথক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামিও। আজ (১ জুলাই) দেশব্যাপী গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে শুরু হয়েছে তাদের কর্মসূচি। ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং ৫ আগস্ট দেশজুড়ে গণমিছিল কর্মসূচি পালন করবে দলটি।
জনতার আওয়াজ/আ আ