অবশেষে পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ গ্রহণ করল পরিবার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
ফাইল ছবি
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের পচা-গলা লাশ উদ্ধার হওয়ার কয়েকদিন পর অবশেষে তার পরিবার করাচিতে এসে তা গ্রহণ করেছে। যদিও শুরুতে মরদেহ নেওয়ার ব্যাপারে পরিবার অনীহা প্রকাশ করেছিল।
জিও নিউজের খবরে জানা যায়, হুমায়রার মৃত্যুর পর কয়েকদিন ধরে পরিবারের কেউ মরদেহ নিতে আসেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে অবশেষে তার ভাই ও ভগ্নিপতি করাচিতে এসে মরদেহ বুঝে নেন।
করাচির এসএসপি (দক্ষিণ) কার্যালয়ের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়রার ভাই নাবিদ আসগর বলেন, “সংবাদমাধ্যমে বলা হয়েছে আমরা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলাম, যা সম্পূর্ণ সত্য নয়। ভুল ধারণা তৈরি হয়েছে যে, আমরা তার মরদেহ নিতে চাইনি।”
তিনি জানান, গত তিন দিন ধরে তারা পুলিশ ও ছিপ্পা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। যেহেতু মরদেহ পুলিশের হেফাজতে ছিল, তাই আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হস্তান্তর সম্ভব ছিল না।
নাবিদ আসগর আরও বলেন, “গত ছয় মাস ধরে হুমায়রার ফোন বন্ধ ছিল। তিনি কারও সঙ্গে যোগাযোগ করেননি। কারণ তিনি প্রায়ই ভ্রমণে থাকতেন। আমরা তার সঙ্গে যোগাযোগ না করতে পারলেও তা নিয়ে আমরা চিন্তিত ছিলাম না—এমনটা নয়।”
তিনি জানান, পরিবারের একজন চাচি সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারা যান। এতে বাবা-মা মানসিকভাবে ভেঙে পড়েন। হুমায়রার মৃত্যুর খবর ও সাংবাদিকদের ফোন কল পুরো পরিবারকে আরও বিপর্যস্ত করে তোলে।
এসএসপি (দক্ষিণ) মাহজুর আলি সাংবাদিকদের জানান, মরদেহ হস্তান্তরের জন্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। হুমায়রার ভাই ও ভগ্নিপতি করাচিতে এসে মরদেহ গ্রহণ করেছেন। তারা মরদেহ লাহোরে নিয়ে গিয়ে দাফনের পরিকল্পনা করছেন।
তিনি আরও বলেন, “পরিবার এখন পর্যন্ত কোনো সন্দেহ প্রকাশ করেনি এবং তারা ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।”
পুলিশ সূত্র জানায়, অ্যাপার্টমেন্টের ইউটিলিটি বিল বহুদিন ধরে পরিশোধ করা হয়নি। ঘরের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন আগেই হুমায়রার মৃত্যু হয়েছে। তার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটটি খালি ছিল, কারণ এর বাসিন্দারা বিদেশে ছিলেন এবং (২০২৫ সালের ফেব্রুয়ারি) দেশে ফিরেছেন। ফলে গন্ধ টের পাওয়ার মতো কেউ ছিল না।
পুলিশ আরও জানায়, হুমায়রার পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল অনিয়মিত। সাধারণত হুমায়রাই পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন। তবে গত ছয় মাসে তার কোনো খবর ছিল না।
জনতার আওয়াজ/আ আ