উড়ন্ত পিএসজিকে মাটিতে নামিয়ে ক্লাব বিশ্বকাপ জিতল চেলসি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ১৪, ২০২৫ ২:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ১৪, ২০২৫ ২:০০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
বড় পরিসরের ফিফা ক্লাব বিশ্বকাপে ফেভারিট ছিল রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) মতো দল। সেই তালিকায় সবার শীর্ষে জায়গা করে নিয়েছিল পিএসজি। কিন্তু ফাইনালে এসে সেই ফেভারিট ট্যাগে দাগ কাটল চেলসি। ইউরোপীয় শীর্ষ চ্যাম্পিয়নদের হারিয়ে ইংলিশ ক্লাবটি ঘরে তুলল নিজেদের দ্বিতীয় ক্লাব বিশ্বকাপ শিরোপা।
রবিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দশ জনের পিএসজিকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। প্রথমার্ধেই তিন গোল করে জয় নিশ্চিত করে নেয় ইংলিশ ক্লাবটি।
চেলসির জয়ের নায়ক কোল পালমার। ম্যাচে একাই দুটি গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার। শুরু থেকেই আক্রমণাত্মক চেলসি এগিয়ে যায় ম্যাচের ২২ মিনিটে। গোলরক্ষক সানচেজের লম্বা বল ধরে ডান পাশে থেকে বল বাড়ান গুস্তো। প্রতিপক্ষের ব্লকে আটকে গেলেও আবার বল ফিরে পেয়ে পালমারকে পাস দেন তিনি। বাঁ পায়ের নিচু শটে বল জালে পাঠান পালমার।
৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনিই। ডান দিক থেকে কাট করে বাঁ পায়ের দারুণ শটে দ্বিতীয়বারের মতো চেলসিকে এগিয়ে দেন পালমার।
৪৩ মিনিটে চেলসির হয়ে তৃতীয় গোলটি করেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হোয়াও পেদ্রো। পালমারের পাস থেকে এগিয়ে এসে পিএসজি গোলরক্ষক দোনারুম্মার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পিএসজি। কিন্তু চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন। দেম্বেলে, ভিতিনহা ও দালেপের চেষ্টা ব্যর্থ হয় তার দক্ষতায়।
৮৪ মিনিটে পিএসজি আরও বিপাকে পড়ে। চেলসির কুকুরেল্লার চুল টেনে ধরায় রেফারির ভিএআরের সাহায্যে লাল কার্ড দেখতে হয় নেভেসকে।
শেষ পর্যন্ত তিন গোলে পিছিয়ে থাকা ফরাসি ক্লাব ম্যাচে ফিরতে পারেনি। জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে চেলসি।
ম্যাচ শেষে ম্যাচসেরা পালমার বলেন, ‘এটা অসাধারণ অনুভূতি। ম্যাচের আগে অনেকে আমাদের নিয়ে সংশয়ে ছিল। কিন্তু আমরা যেভাবে লড়েছি, তাতে আমি গর্বিত।’
চেলসি কোচ এনজো মারেসকা বলেন, ‘প্রথম ১০ মিনিটেই আমরা ম্যাচটা জিতে নিয়েছিলাম। ছেলেরা দুর্দান্ত খেলেছে।’
এই জয়ে ক্লাব বিশ্বকাপে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো চেলসি। এর আগে ২০২১ সালে পালমেইরাসকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল তারা। এবার সেই তালিকায় রিয়াল মাদ্রিদ (৬), বার্সেলোনা (৩), বায়ার্ন মিউনিখ (২) ও করিন্থিয়ান্সের (২) পাশে জায়গা নিল ইংলিশ ক্লাবটি। ইংল্যান্ডের প্রথম দল হিসেবে একাধিকবার এই শিরোপা জিতল চেলসি।
জনতার আওয়াজ/আ আ