রাষ্ট্রপতির পদত্যাগ দাবি বিপ্লবী ছাত্র পরিষদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫ ১২:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫ ১২:২৫ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাকর্মীদের ওপর ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
সংগঠনটি বলছে, জুলাই গণহত্যার এক বছর পরেও আওয়ামী লীগের কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। এ অবস্থায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুসহ আওয়ামী লীগ নিযুক্ত কাউকে সপদে বহাল রাখা নিরাপদ নয়। তারা যে কোনো সময় জুলাই বিপ্লবের বিরুদ্ধের প্রতি বিপ্লব ঘটাতে পারেন।
বুধবার বিকালে গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপির সমাবেশ শেষে হামলার ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে বিপ্লবী ছাত্র পরিষদ।
সংগঠনটির নেতাকর্মীরা ডাকসু ভবনের সামনে থেকে ‘মুজিববাদ নিপাত যাক,’স্লোগান দিয়ে মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, এক বছর আগে জুলাই গণহত্যা ঘটিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও দলটির চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তারা এখনো ছাত্রজনতাকে হত্যাযোগ্য মনে করে। এ অবস্থায় আওয়ামী লীগ সংশ্লিষ্ট আর কাউকে বিশ্বাস করা যায় না । এমনকি আওয়ামী লীগ নিযুক্ত হওয়ায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকেও বিশ্বাস করা যায় না।
সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান, ঢাকা আলিয়া শাখার আহ্বায়ক রাকিব মন্ডল ও সদস্য সচিব মো. জিনাত হোসেন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ