পিআর পদ্ধতির নির্বাচন যারা চায়, তারাই জানে না এটা কী: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ২৬, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ২৬, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আনুপাতিক নির্বাচন পদ্ধতি (পিআর) সম্পর্কে জনগণের স্পষ্ট ধারণা নেই জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন একটা জগা খিচুড়ির অবস্থা চলছে। কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির নির্বাচন চায়, কিন্তু তারাই জানে না, পিআর পদ্ধতি কী।’
শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ‘‘ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই-২৪ বিপ্লবের বর্ষপূতি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদেশ থেকে কয়েকজন ব্যক্তিকে এনে দেশ চালানো যায় না মন্তব্য করে তিনি বলেন, এটা আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে।
তিনি বলেন, জাতি এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছি, যা দেশের মানুষের জন্য কল্যাণকর রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো তৈরি করবে।
আওয়ামী লীগের সমালোচনা করে ফখরুল বলেন, তারা বিচার বিভাগ, আইন, স্বাস্থ্যখাতসহ সবকিছু ধ্বংস করেছে। ১৫ বছরে গণতন্ত্রকামী দলগুলোর গঠনও ভেঙে দিয়েছে।
সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০১৬ সালে দেশনেত্রী খালেদা জিয়া রাষ্ট্র মেরামতের জন্য ‘ভিশন টুয়েন্টিথার্টিন’ দেন। পরে ২০২২ সালে তারেক রহমান ৩১ দফা দিয়েছেন, যা দিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন সম্ভব।
তিনি বলেন, সংস্কার কোনো একদিনে হয় না, এটা একটা প্রক্রিয়া। আপনি চাইলে কাল সকাল থেকে পুলিশ ঘুষ নেওয়া বন্ধ করবে— এটা বাস্তব নয়। তবে এমনভাবে গঠন করতে হবে যেন তারা ঘুষ না নেয়।
ফখরুল বলেন, দেশ পরিচালনার জন্য জনগণের প্রতিনিধি দরকার। আর সেটা নির্বাচন ছাড়া সম্ভব নয়। নির্বাচন না হলে আমি প্রতিনিধি পাব কোথা থেকে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে না।
বিএনপির নেতাকর্মীদের সততার ওপর জোর দিয়ে তিনি বলেন, সবার আগে দরকার সততা। এই সততা ছাড়া বিএনপি জনগণের সামনে দাঁড়াতে পারবে না। আজকাল যেসব নেতিবাচক খবর আসে, তা বিএনপির সঙ্গে যায় না, যায় না জিয়াউর রহমানের সঙ্গেও। যারা বিএনপি করবেন, তাদের সৎ হতে হবে।
জনতার আওয়াজ/আ আ