বাকৃবিতে গ্রীন ভয়েসের ‘মেঘের আড়ালে’ অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাকৃবিতে গ্রীন ভয়েসের ‘মেঘের আড়ালে’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৬, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৬, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ

 

বাকৃবি প্রতিনিধি

বর্ষা মানেই প্রাণের নতুন স্পন্দন, হৃদয় ছুঁয়ে যাওয়া গান আর প্রকৃতির সঙ্গে মিতালি। এই ঋতুকেই বরণ করে নিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হলো পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যা ‘মেঘের আড়ালে’। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমতলায় এই আয়োজন হয়।

অনুষ্ঠানটি শুধু একটি সাংস্কৃতিক আয়োজন ছিল না, বরং এটি রূপ নেয় পরিবেশ ও সচেতনতার এক মিলনমেলায়। শিশুদের হাসি-আনন্দ, উৎসবের আমেজ, মেঘের ছন্দ, ঢোলের শব্দ আর শ্রাবণের প্রতিধ্বনিতে জমে ওঠে ‘মেঘের আড়ালে’। একে একে মঞ্চে উঠে আসেন নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও পরিবেশকর্মীরা। প্রতিটি পরিবেশনাতেই ছিল প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার বার্তা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. মো. শহীদুল হক, কোষাধ্যক্ষের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডা. হুমায়ূন কবির, মাওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক শরীফ-আর-রাফি। আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির, ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক শাকিল কবির, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পারিকা মুস্তাফা পুন্যসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাকৃবি সাংবাদিক সমিতি।

সাংস্কৃতিক পরিবেশনাগুলোতে ছিল বাংলার ঐতিহ্যবাহী ঝুমুর নৃত্য, বাউল গান ও আধুনিক সংগীত। অনুষ্ঠানস্থলে ছিল পরিবেশবান্ধব খাবার, গাছ ও হস্তশিল্পের স্টল। দর্শনার্থীদের জন্য ছিল নানা রকম মজার খেলার আয়োজন। বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির গাছ।

সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল— প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছের চারা ও পরিবেশবান্ধব উপকরণ বিতরণ। এ কার্যক্রমের মাধ্যমে দেড় শতাধিক গাছ বিতরণ করা হয় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও দর্শনার্থীদের মাঝে। প্রকৃতির প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সবাই।

অনুষ্ঠান শেষে গ্রীন ভয়েস বাকৃবি শাখার সভাপতি ইফরান ইউসুফ শিহাব বলেন, “এই বর্ষাবরণ শুধুই উৎসব নয়, এটি এক আহ্বান—প্রকৃতিকে ভালোবাসার, তাকে রক্ষার। আমাদের প্রতিটি আয়োজনেই প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থাকা উচিত। ‘মেঘের আড়ালে’ শুধু বিনোদনের সন্ধ্যা ছিল না, ছিল আত্মজাগরণের মুহূর্ত। যেখানে গান আর নৃত্যের ছন্দে প্রকৃতি হয়ে ওঠে অনুভবের নতুন উপলব্ধি। আমাদের প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি, যা আমাদের ভবিষ্যৎ উদ্যোগে অনুপ্রেরণা জোগাবে।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ