প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ৩ দফা দাবি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ২৭, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ২৭, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের কাছে তিন দফা দাবি তুলে ধরেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স। আজ রবিবার (২৭ জুলাই) এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে এনসিপি নেতা তারিক আদনান মুন দাবিসমূহ তুলে ধরেন। দাবি তিনটি হচ্ছে—প্রথম দফা, প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে এবং এই প্রক্রিয়ার একটি সুষ্ঠু এবং সুস্পষ্ট রোডম্যাপ ১৪ আগস্টের মধ্যে নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে।
দ্বিতীয়ত, পোস্টাল ব্যালট বা অনলাইনে প্রদত্ত ভোট যেন সময়মত স্বচ্ছতার সঙ্গে গণনায় অন্তর্ভুক্ত হয় তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার জন্য একটি স্থায়ী উর্চ পর্যায়ের কারিগরি কমিটি গঠন করতে হবে যা ২০২৬ পরবর্তী নির্বাচনগুলো নিয়েও দীর্ঘমেয়াদে আমাদের প্রবাসী স্টেকহোল্ডারদের সাথে কাজ করবে।
এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, প্রবাসী বাংলাদেশিদের শ্রম, মেধা ও ভালোবাসায় বাংলাদেশ এখনো সচল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে উদ্যোগ নেওয়াকে আমরা স্বাগত জানাই।
এটি একটি গুরুত্বপূর্ণ সূচনা। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, পোস্টাল ব্যালট বা অনলাইন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এখনো কোন স্পষ্ট রোডম্যাপ সময়সীমা বা গাইডলাইন এখনো প্রকাশ করা হয়নি।
শুধুমাত্র কয়েকটি দেশে সীমিত আকারে পাইলট হিসেবে এটি চালু করা হবে। আর রাজনৈতিক ঐক্য না হওয়ার অজুহাতে এখনো প্রবাসী ভোটার নিবন্ধন করা শুরু হয়নি।
কিন্তু প্রশ্ন হলো এই বৈষম্য কেন? এর কারণ কী? প্রবাসীরা কি এই দেশের নাগরিক নন? আমরা কি শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র? আজ আমরা গর্বের সাথে বলতে চাই, জুলাই বিপ্লবসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীরা সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন।
জনতার আওয়াজ/আ আ