বিগত ১৫ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রশিবির : জামায়াত আমির - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিগত ১৫ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রশিবির : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৩০, ২০২৫ ১:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৩০, ২০২৫ ১:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচারী শাসনামলের ১৫ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রশিবির। তাদের লেখাপড়া, মানসিক বিকাশ, জীবনযাপন কোনটাই স্বাভাবিকভাবে করতে পারেনি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাখা দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত দু’ দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৮ ও ২৯ জুলাই রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

জামায়াত আমির বলেন, ‘ইসলামের ইতিহাসে আগেও অপপ্রচার ছিল, এখনো একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত। আমরা সকল অপপ্রচারের জবাব গঠনমূলক কাজের মাধ্যমে দেবো ইনশাআল্লাহ। যারা অপপ্রচার করছে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’

তিনি বলেন, ‘দেশের স্বার্থে আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তবে কারো খবরদারি বরদাশত করব না। এক্ষেত্রে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার এখনই উপযুক্ত সময়।’

দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্রশিবিরকে ছাত্রসমাজ ভালোবাসে। তাদের এই ভালোবাসার যথাযথ মূল্যায়ন করতে হবে। অ্যাকাডেমিক পড়াশোনায় মনোযোগী হতে হবে। সাহসী ও পরিশ্রমী হতে হবে, যেন ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়।’

সভায় উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর, বর্তমান পরিস্থিতিতে দাওয়াতি কাজ, রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ সংক্রান্ত অংশগ্রহণমূলক সেশন, ব্রেইনস্টর্মিং সেশন, সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন, জনশক্তি ব্যবস্থাপনা, ষান্মাসিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রদের মনস্তত্ত্ব বিশ্লেষণ, দক্ষ নেতৃত্ব তৈরি, লিডারশিপ ও স্কিল ডেভেলপমেন্ট, অফিস ম্যানেজমেন্ট এবং ভূরাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়।

সমাপনী অধিবেশনে ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘দক্ষ নেতৃত্বের সঙ্কট পূরণে আমাদের নিরলসভাবে কাজ করতে হবে। ছাত্রসমাজকে নেতৃত্ব দিতে হলে সৎ, দক্ষ, যোগ্য ও নৈতিকতা-সম্পন্ন নেতৃত্বের কোনো বিকল্প নেই। এই প্রোগ্রাম থেকে আমাদের সেই শিক্ষাই গ্রহণ করতে হবে।’

আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এ টি এম আজহারুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, সাইফুল আলম খান মিলন, সাবেক সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন, আতিকুর রহমান, পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সালাহউদ্দিন আইউবী, শিক্ষাবিদ ড. মোহাম্মদ আসাদুল্লাহ, ড. রেদওয়ান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্য এবং সারাদেশের সকল শাখার সভাপতি ও সেক্রেটারিরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ