সরকারের কাছে চাঁদাবাজদের নাম প্রকাশের দাবি জানালেন ফারুক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের কাছে চাঁদাবাজদের নাম প্রকাশের দাবি জানালেন ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৩০, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৩০, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, দুই কোটি টাকার চাঁদাবাজদের ধরেছেন ভালো কথা, কিন্তু দুই হাজার কোটি টাকা চাঁদাবাজি করা ব্যক্তিদের খবরও আপনাদের কাছে আছে। অতিসত্বর তাদের নাম প্রকাশ করুন। গত ১১ মাসে কে কী করেছে তা প্রকাশ করুন।

বর্তমান সরকারের ক্ষমতায় আসার ১১ মাস পার হলেও এখনও নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, যা জনগণের প্রত্যাশার পরিপন্থি বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (৩০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, “দেশের প্রতিটি গ্রামগঞ্জ, চা দোকান, মহল্লায় এখন একটাই প্রশ্ন— আপনারা তো কারো পক্ষের লোক না, তাহলে কেন এখনও নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে না? “শাহাবুদ্দিন আহমেদ মাত্র তিন মাসের মাথায় এরশাদের ১০ বছরের দমন-নিপীড়নের অবসান ঘটিয়ে নির্বাচন দিয়েছিলেন। কিন্তু আজ ১১ মাসেও নির্বাচন বিলম্বিত হচ্ছে।”

তিনি বলেন, আমরা তো রাজনৈতিক পরিবার থেকে এসেছি। আমাদের নেতা শহীদ জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। আমাদের নেত্রী এরশাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছেন। স্বাধীনতার ঘোষকের সন্তান ১৬টি বছর দেশের বাইরে থেকে গণতন্ত্রের জন্য কাজ করছেন। আমাদের তরুণ প্রজন্মের নেতারা আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করে আপনাদেরকে সহায়তা করে হাসিনাকে বিদায় করেছে। সেই বিদায়ের ফল কি আজকে ১১ মাসে আমরা পেয়েছি?

জামায়াতে ইসলামকে উদ্দেশ্য করে ফারুক বলেন, আপনারা কোন এক সময় আমাদেরও বন্ধু ছিলেন। অবহেলা করি না, করতেও চাই না। আমরা যখন দিল্লির বিরুদ্ধে লড়াই করেছি, সে লড়াইয়েও আপনারা আমাদের বন্ধু হিসেবে পাশে ছিলেন। কিন্তু মনে দুঃখ হয়— যখন বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথাবার্তায়, তার আন্দোলন সংগ্রামের স্বীকৃতিস্বরূপ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে কিছু রাজনৈতিক দল নানা অজুহাত দিচ্ছে। কখনও বলছে পিআর, কখনও বলছে সংবিধান সংশোধন না হলে নির্বাচনে যাবে না। এসব অজুহাত জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, বিএনপি কোনো অন্যায়ের পক্ষপাতী নয়। আমাদের কর্মীরা যদি ভুল করে, তারেক রহমান নিজে ব্যবস্থা নিয়েছেন, বহিষ্কারাদেশ দিয়েছেন। তারপরও আমাদের বদনাম দেওয়া হচ্ছে। অথচ দেশের ব্যবসা-বাণিজ্য ধ্বংস করেছে আওয়ামী লীগ-যুবলীগ।

সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, দুই কোটি টাকার চাঁদাবাজদের ধরেছেন ভালো কথা, কিন্তু দুই হাজার কোটি টাকা চাঁদাবাজি করা ব্যক্তিদের খবরও আপনাদের কাছে আছে। অতিসত্বর তাদের নাম প্রকাশ করুন। গত ১১ মাসে কে কী করেছে তা প্রকাশ করুন।

আমাদের কর্মীরা রিকশা চালিয়ে বেঁচে আছে, তবু গণতন্ত্রের আন্দোলনে আস্থা রেখেছে।

জয়নুল আবেদীন ফারুক সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমরা আর হাসিনার দিনের ভোট রাতে করে ক্ষমতায় যেতে চাই না, সরকার গঠন করতে চাই না। আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে যাক। আমার ভোট আমি দিব, সেই ভোটেই আমরা সরকার গঠন করতে চাই। আমরা চুরির মাধ্যমে, ভোট ডাকাতির মাধ্যমে সরকার গঠন করতে চাই না। দয়া করে কারও কান কথা শুনে লাভ নেই। জনগণ সব বোঝে। গ্যাস, নিত্যপণ্যের দাম কমান, চাঁদাবাজদের ধরুন, আইন-শৃঙ্খলা ঠিক রাখুন। এবং দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন। দেশে আর অস্থিতিশীলতা বাড়াবেন না।

তিনি আশা প্রকাশ করে বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন হলে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে এবং অন্তর্বর্তী সরকারের নাম ইতিহাসে ইতিবাচকভাবে লেখা থাকবে।

আয়োজক সংগঠনের সভাপতি ডা. এম ইসলাম বাদল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, লায়ন সোলায়মান তালুকদার, রফিকুল ইসলামসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ