সংবিধানে পিএসসি, দুদক, সিএজি ও ন্যায়পাল নিয়োগের বিধান থাকবে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানের অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে বিষয়টিতে নোট অব ডিসেন্ট দেবে বিএনপিসহ পাঁচটি দল ও জোট।
আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের সংলাপের ২৩তম দিনের শুরুতে এ বিষয়ে সিদ্ধান্ত দেয়ার জন্য বিষয়গুলো আলাদা আলাদাভাবে উপস্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন।
আলোচনায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নিয়োগের জন্য শক্ত আইন করার পক্ষে মত দেন। সংবিধানের নিয়োগ কমিটির বিধান যুক্ত করার বিরোধিতা করেন তিনি।
পরে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, এ বিষয়গুলোতে বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, এনডিএম ও আমজনতার দল নোট অব ডিসেন্ট দেবে।
দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেব প্রতিষ্ঠার সুপারিশ করে জাতীয় ঐকমত্য কমিশন। এদিকে নির্বাচন কমিশন নিয়োগের বিধান সংবিধানের যুক্ত করার বিষয়ে দলগুলোর মধ্যে মধ্যে একমত হয়েছেন।
সংবিধান সংস্কার কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) মাধ্যমে সাংবিধানিকসহ কিছু প্রতিষ্ঠানের নিয়োগের প্রস্তাব করে। দলগুলোর আপত্তির মুখে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের কমিটির প্রস্তাব করে কমিশন। সেখানেও বিএনপিসহ তার সমমনা দলগুলো আপত্তি তুলো। পরে ইসি, পিএসসি, দুদক, সিএজি ও ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে পৃথক প্রস্তাব দেয় কমিশন। যেখানে বাছাই কমিটির মাধ্যমে নিয়োগের কথা বলা আছে।
জনতার আওয়াজ/আ আ