জামালপুরে জুলাই শহিদদের স্মরণে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুরে জুলাই শহিদদের স্মরণে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক প্রকল্পের আওতায় জুলাই শহিদদের স্মরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনব্যাপী সরকারি আশেক মাহমুদ কলেজে জেলা পরিষদের সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা এই কর্মসূচির আয়োজন করে।

সকাল থেকেই সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে পৃথক দুটি বুথে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু হয়। দুপুরে কলেজের মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক আইডিয়া বাস্তবায়ন প্রকল্পের আহ্বায়ক, রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা এবং সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন। এ সময় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক ও ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক আইডিয়া বাস্তবায়ন প্রকল্পের সদস্যসচিব আমানুল্লাহ আল মারুফ, জামালপুর মেডিকেল কলেজের প্রভাষক ডা. মো. আহসান হাবীব আদনান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিব, রক্তের বন্ধনের সভাপতি হাসান আলী, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি মোখলেছুর রহমানসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিয়মিত রক্তদানের উপকারিতা উল্লেখ করে বলেন, রক্তদান মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। প্রতি চার মাস পরপর মানুষের লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায় এবং শরীরে নতুন রক্ত তৈরি হয়। তাই আমরা যদি চার মাস পরপর স্বেচ্ছায় রক্তদান করি তবে সেই রক্ত একজন রোগীর প্রাণ বাঁচাতে পারে, যা একটি মহৎ কাজ।

রক্তের বন্ধনের সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখা, রক্তের বন্ধন ঝাউগড়া শাখা, রক্তের বন্ধন শাহবাজপুর শাখা, রক্তের বন্ধন ইসলামপুর শাখা, যুব রেড ক্রিসেন্ট আশেক মাহমুদ কলেজ ইউনিট, রোভার স্কাউট, বিএনসিসি, ক্যারিয়ার ক্লাব, অ্যাকাউন্টিং ক্লাব, কেমিস্ট্রি ক্লাব, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে, জুলাইয়ের চেতনায় শহিদদের স্মরণে গত ২১ জুলাই থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু করে রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা। এ পর্যন্ত জামালপুর সদর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী ও ইসলামপুর উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ৬৩০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সহযোগী ছিল জেলা পরিষদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ