ছাত্রদলের সমাবেশ শুরুর আগে শাহবাগে জনস্রোত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদলের সমাবেশ শুরুর আগে শাহবাগে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৩, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৩, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ছাত্র-সমাবেশে যোগ দিতে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করছে সংগঠনটি।

রবিবার (৩ আগস্ট) বেলা আড়াইটায় এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সমাবেশ কেন্দ্র করে আগেই সারাদেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশ দেওয়া হয়েছিল।

সকাল সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, সমাবেশ কেন্দ্র করে শাহবাগ মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চের কাজ শেষ হলেও সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়ছে। খণ্ড খণ্ড মিছিল এসে মিলছে সমাবেশস্থলে। থেমে থেমে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা গেছে। কারও কারও হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে। অনেকে এদিক-সেদিক ঘোরাফেরা করছেন। শাহবাগ এলাকায় পাবলিক যান চলাচল বন্ধ থাকায় রাস্তার ওপর অনেকে বসে পড়েছেন।

প্রত্যন্ত জেলা থেকে আগত নেতাকর্মীরা রাজধানীর গরম আর দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলে স্লোগানে নিজেদের উজ্জীবিত রাখছেন। “স্বৈরাচার নিপাত যাক”, “খালেদা জিয়া ভয় নাই”, “জিয়ার সৈনিক এক হও”, “রহমান, তারেক”, “জিয়া আমার চেতনা, জিয়া আমার বিশ্বাস”—এমন সব স্লোগানে মুখরিত শাহবাগ মোড়।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, ‘আজকের ছাত্র সমাবেশ হবে ঐতিহাসিক।এই সমাবেশ থেকে আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান আগামী দিনে ছাত্র রাজনীতি কেমন হতে পারে সে বিষয়ে স্পষ্ট বার্তা দিবেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, শাহবাগে আজ ছাত্রদলের ঐতিহাসিক ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। শাহবাগে অতীতে যত রাজনৈতিক ও ছাত্র সমাবেশ হয়েছে—সবচেয়ে বড় ছাত্র সমাবেশ ছাত্রদল আজ উপহার দেবে।

তিনি বলেন, আজকের সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে গত ১৭ বছর ব্যাহত করা হয়েছিল। তরুণরা নিজেদের জীবনের বিনিময়ে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। সেই তরুণদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে আজকের সমাবেশকে সফল করব। কয়েক লক্ষাধিক নেতাকর্মী এ সমাবেশে যোগ দেবেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের বৃহৎ অংশ এ সমাবেশে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন নাছির।

লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ নেতাকর্মীদের নিয়ে শাহবাগে উপস্থিত হয়েছেন। তার নেতৃত্বে আসা কর্মীরাও সক্রিয়ভাবে স্লোগানে অংশ নিচ্ছেন।

আবুল বারাকাত সৌরভ বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি। সমাবেশ শুরু না হওয়া পর্যন্ত কর্মীদের মধ্যে উদ্দীপনা ধরে রাখতে একটানা স্লোগান দিয়ে যাচ্ছি। এই স্লোগানের ধারাবাহিকতা সমাবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে।

ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির ছাত্রবিষয়ক রকিবুল ইসলাম বকুল। সভাপতিত্ব করবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

সমাবেশ কেন্দ্র করে শাহবাগ এলাকায় প্রচুর জনসমাগম ঘটবে। ফলে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল করানো সম্ভব হবে না বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা মহানগরবাসীকে শাহবাগ এড়িয়ে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ