সংস্কারের মধ্য দিয়ে বিএনপির ৩১ দফার বাস্তবায়ন হতে চলেছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ৬, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ৬, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। জুলাই ঘোষণাপত্র হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি ৩১ দফা। সেই ৩১ দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্য দিয়ে।
বুধবার (৬ আগস্ট) গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রথমে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরে তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আমরা কারাভোগ করেছি, নির্যাতিত-নিপীড়িত হয়েছি। কিন্তু কখনও মাথা নত করিনি। আমরা লড়াই করেছি, সামনের দিকে গিয়েছি। শত নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা দমে যাননি, কখনও মাথা নত করেননি। আমরা একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে বিজয় অর্জনে সহযোগিতা করায় এসময় সেনাবাহিনীকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের সব মানুষকে, রাজনৈতিক দলগুলোকে, ছাত্রদেরকে এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকেও আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতায় আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি।
বিএনপির মহাসচিব বলেন, আমি আমাদের নেতা তারেক রহমানকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের নেতৃত্ব দিয়ে মুক্তির পথ দেখিয়েছেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আসুন, আজকে আমরা সেই শপথ গ্রহণ করি, আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল সমৃদ্ধ বাংলাদেশ। আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করবো। সাম্য, মানবিক মূল্যবোধ ও মর্যাদার একটি রাষ্ট্র আমরা তৈরি করবো। বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো।
জনতার আওয়াজ/আ আ