আবু সাঈদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো: হাসিনার আইনজীবী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫ ৩:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫ ৩:০৭ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ১৭ আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (৬ আগস্ট) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই কার্যক্রম চলে। মাঝখানে কিছু সময়ের জন্য বিরতিও দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী হিসেবে নিজেদের জবানবন্দি তুলে ধরেন দুজন সাক্ষী। এর মধ্যে একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী রিনা মুরমু ও আরেকজন এনটিভির রংপুর করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক। জবানবন্দিতে গত বছরের ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের আগে ও পরের ঘটনা বর্ণনা করেন তারা।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন দুই সাক্ষীকে জেরা করেন।
সাংবাদিক মঈনুল হককে জেরা করতে গিয়ে আইনজীবী আমির হোসেন দাবি করেন, আবু সাঈদের ওপর হামলার যে ভিডিও ফুটেজ রয়েছে, তা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। তবে মঈনুল হক এই দাবি অস্বীকার করে জানান, ফুটেজটি তিনি নিজেই ধারণ করেছেন এবং সেটি সম্পূর্ণ সত্য।
জনতার আওয়াজ/আ আ