প্রতি রাতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কাউকে বুঝতে দিই না: ঋতুপর্ণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মাকে হারিয়েছেন। প্রিয়জনের এই আকস্মিক মৃত্যুর পর শোক ও বিষাদে মুহ্যমান অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এক আবেগঘন চিঠির মাধ্যমে তিনি মায়ের প্রতি ভালোবাসা, কষ্ট আর শূন্যতার অনুভূতি প্রকাশ করেছেন।
ঋতুপর্ণা বলেন, এখনো তো অত বড় হইনি! তুমি চলে গেলে যে? এখনো তো আদর খেতে ইচ্ছে হয় আমার। কত দিন তুমি বকোনি আমায়। কত দিন তুমি ফোনের ওপারের সেই অভিমানী মা কোথায় হারিয়ে গেল আমার। বলো না, আমায় এভাবে রেখে চলে গেলে কেন? শূন্য হয়ে গেল সব।
এই অভিনেত্রী বলেন, কেউ বোঝে না আমায়, তোমার মতো। প্রতি রাতে কান্না পায়। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু কাউকে বুঝতে দিই না। তুমি কি অভিমান করে এভাবে চলে গেলে? খুব একা লাগে এখন। অনেক না-বলা কথা রয়ে গেল। তোমার প্রিয় বারান্দা আছে ওখানে। যেখান থেকে একফালি আকাশ দেখা যায়। মায়ের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে, কতটা একা তিনি এখন। ঋতুপর্ণা তার প্রিয় লেখকের বইয়ের কথা উল্লেখ করে মাকে জিজ্ঞাসা করছেন, ‘প্রিয় লেখক সমরেশ মজুমদার, সঞ্জীব চট্টোপাধ্যায়ের বইগুলো ওখানে খুঁজে পেয়েছ তো? পরলোক কেমন মা? রাস্তাগুলো সুন্দর?
তিনি আরও লেখেন, জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছো। কিন্তু আমাদের গায়ে আঁচ লাগতে দাওনি। সব একা সামলেছো।
ঋতুপর্ণা বলেন, সব বাধ্যবাধকতা ছাড়িয়ে তুমি চলে গেলে! রাতের তারাদের মধ্যে তোমার ঠিকানা খুঁজি। যেখানে আমার এই চিঠি পৌঁছবে। তোমার ঠিকানাটা আমাকে বলবে! তোমার কাছে যাব। তোমার আদর খেতে চাই। এখনো মনে পড়ে, তুমি আমার বাড়ির কার্নিশের পাখির বাসাটা বারবার দেখতে। পাখির ছানাগুলো কী করছে খেয়াল রাখতে।
এই অভিনেত্রী লিখেছেন, শেষ মুহূর্তে আমার সঙ্গে কোনো কথাই তুমি বললে না। এখন তোমার ওই অপেক্ষার কথা খুব মনে পড়ে। কখন আমি আসব, সেই অপেক্ষা। আর হয়তো এই অনুভূতি হবে না কখনো। তুমি আমাদের ছাড়া ওখানে কেমন আছ? আমি একদম ভালো নেই। তুমি জেগে আছ তো! আমি আসছি।
জনতার আওয়াজ/আ আ