বিপ্লবটা বেহাত হয়ে পড়েছে: রাশেদ খান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিপ্লবটা বেহাত হয়ে পড়েছে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৮, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৮, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
‘জাতীয় বিপ্লবী সরকার গঠিত না হওয়ায় পুরো বিপ্লবটা বেহাত হয়ে পড়েছে’- এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

শুক্রবার (৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ লিখেছেন, ‘আজ ৮ আগস্ট, বিপ্লব বেহাত দিবস! গণ-অভ্যুত্থানের পর মানুষের যে স্বপ্ন ছিল, সেটার বাস্তবায়ন হয়নি। অন্তত শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন হলে দেশের মানুষ আজীবন সরকারকে মনে রাখতো। কিন্তু তারা এই দিকে কোনো মনোযোগ দেয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও তারা সফল হতে পারেনি। বিপ্লবের পর সরকারের যে আচরণ হওয়া দরকার ছিল, তার বিপরীত চরিত্র লক্ষ করা গেছে। হাসিনা ও তার মন্ত্রী পরিষদের পরিবর্তন হয়ে ডক্টর মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের মাধ্যমে শুধুমাত্র স্থলাভিষিক্ত হয়েছে।’

তিনি লেখেন, ‘নিয়োগ, পদায়নে কোনো স্বচ্ছতা, জবাবদিহিতা সৃষ্টি করা যায়নি। সচিবালয়, স্থানীয় প্রশাসন ও সরকারের সর্বত্র আওয়ামী সেটআপ রয়ে গেছে। সর্বত্র ঘুস ও দুর্নীতিও চলছে। দৃশ্যমান কোনো সংস্কারও পরিলক্ষিত হচ্ছে না।’

রাশেদ আরও লেখেন, ‘জাতীয় বিপ্লবী সরকার গঠিত না হওয়ায় পুরো বিপ্লবটা হাতছাড়া বা বেহাত হয়ে পড়েছে। খুব বেশি পরিবর্তনের স্বপ্নও আর জনগণ দেখছে না। মনে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি করেছে। ১ বছরের হানিমুন পিরিয়ড শেষে তারা এখন ২য় ধাপে প্রবেশ করেছে। কিন্তু ১ বছরের কাজের হিসাব বা জবাবদিহিতা কি তারা জনগণের কাছে প্রকাশ করবে? তারা না বলেছিল প্রতি মাসে হিসাব দিবে?’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ