ইছাপুরে বিএনপির সাধারণ সম্পাদক হলেন উপদেষ্টা মাহফুজের বাবা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ২২, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ২২, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ভোটগ্রহণে সদস্যদের সরাসরি ভোটে তিনি নির্বাচিত হন। মোরগ প্রতীকে নির্বাচন করে আজিজুর রহমান বাচ্চু ২৬৬ ভোট পান। মোট ৪৫৩ জন ভোটার ভোট প্রদান করেন। এর আগে তিনি ইছাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন এবং ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এল রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, একই নির্বাচনে সভাপতি পদে মো. অলি উল্যা এবং সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট নির্বাচিত হয়েছেন।
জনতার আওয়াজ/আ আ