রাজশাহীতে ৯ দফা দাবিতে দেশ ট্রাভেলস শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ২৩, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ২৩, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
রাজশাহীতে দেশ ট্রাভেলসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপাররা ৯ দফা দাবিতে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি দিয়েছে। শনিবার ভোর ৫টা থেকে এই কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এদিন রাজশাহী শিরোইল কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। ফলে বিপাকে পড়েছে বাসে নিয়মিত যাতায়াত করা যাত্রীরা।
শনিবার সন্ধ্যায় কর্মচারীরা একত্রিত হয়ে তাদের দাবি পেশ করেন এবং স্লোগান দিতে থাকেন। তাদের দাবিগুলো হলো—
১. বেতন বৃদ্ধি করতে হবে। নন এসি রাজশাহী-ঢাকা ‘গাইড ১১০০, ড্রাইভার ২০০০ (চাঁপাই গেলে ২০০ টাকা বেশি, কানসাট/রহনপুর ১০০ টাকা বেশি), হেলপার ১০০০ টাকা (চাঁপাই গেলে ১০০ টাকা বেশি, কানসাট/রহনপুর ১০০ টাকা বেশি)।
২. যাওয়া-আসায় এসি ১৫ যাত্রী হলে ১টা, ফুল হলে ২টা। নন এসি ২০ হলে ১টা, ৩০ হলে ২টা, ফুল হলে ৩টা।
৩. নাইটের গাড়ি দুপুর ১২টায় সকালের খোরাকি দিতে হবে। বিকাল ৪টায় দুপুরের খোরাকি দিতে হবে। রাজশাহী নাইটের গাড়ি রাত ১১টায় ছাড়লে রাতের খোরাকি দিতে হবে।
৪. খোরাকি ১০০ টাকা।
৫. মোবাইল বিল ৩০ টাকা।
৬. হোটেল বিল ২০০ টাকা। অতিরিক্ত অতিথি কোম্পানি থেকে পাঠালে তাদের খাবারের বিল কোম্পানি দেবে। ট্রায়াল ড্রাইভার এবং ট্রায়াল সুপারভাইজারদের বিল কোম্পানি দেবে।
৭. চেকার ব্যতীত কেউ চেক দিতে পারবে না। চেকার যেখানে খুশি চেক দেবে। জরিমানা যা ইচ্ছা করবেন।
৮. কোনো কাউন্টার মাস্টার গাড়ির স্টাফদের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। যদি স্টাফদের সাথে খারাপ ব্যবহার করা হয় তাহলে সরাসরি পদক্ষেপ নিতে হবে।
৯. যে কোনো ধরনের মামলা দায়ের বা সড়কের মামলার জরিমানা কোম্পানিকে বহন করতে হবে।
শ্রমিকরা বলেন, মালিক পক্ষ থেকে তাদের সাথে কোনো কথা বলা হয়নি। এদিকে দেশ ট্রাভেলসের রাজশাহী শিরোইল কাউন্টারের ম্যানেজার সাইদুর রহমান এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
জনতার আওয়াজ/আ আ