সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ৩১, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ৩১, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভূক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করনের দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট।
রোববার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, ঐক্যজোটের মহাসচিব মোঃ সামসুল আলম, শিক্ষক সমিতির মহাসচিব মোঃ তাজুল ইসলাম ফরাজী, ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্র নেতা মোঃ ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৮ জানুয়ারী আন্দোলনের এক পর্যায়ে সরকার শিক্ষকদের কাছে উপস্থিত হয়ে তাদেরকে আশ্বস্ত করে বলেন, পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করা হবে। মাদ্রাসা ও কারিগরি বিভাগ অনুদানভুক্ত ১৫১৯টি মাদ্রাসা এমপিওভুক্ত করার জন্য প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে এমপিওর আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোর প্রধান অনলাইনে আবেদন করেন এবং মন্ত্রণালয় কর্তৃক যাচাই-বাছাই চূড়ান্ত করা হয়। কিন্তু দুঃখের বিষয়,এখনো কোন তালিকা প্রকাশ না করায় শিক্ষকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তাই সরকারের নিকট বলতে চাই,অনতিবিলম্বে আমাদের দাবিদাওয়া মেনে নেয়া না হলে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে যেসব দাবি জানানো হয় সেগুলো হলো-
১-অনুদানভুক্ত অনলাইনে আবেদনকৃত সকল প্রতিষ্ঠানের দ্রুত তালিকা প্রকাশ।
২-স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির জন্য দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ।
৩-অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮ জানুয়ারী সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ।
৪-প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করণ।
৫-প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপনকরণ।
জনতার আওয়াজ/আ আ