আ’লীগের সঙ্গে মিলে আরেকটি দল খেলা খেলল: সেলিমা রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫ ১২:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫ ১২:৫৩ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের দোসরদের সঙ্গে মিলে আরেকটি রাজনৈতিক দল কিভাবে খেলা খেলল। এগুলো আপনাদের বুঝতে হবে, জানতে হবে এবং এখন থেকে কাজ করতে হবে।
বুধবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর মহিলা দলের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সেলিমা রহমান আরও বলেন, আগামী নির্বাচন সামনে, এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এখন থেকে আপনারা প্রতিটি ঘরে ঘরে যাবেন, আপনাদের দায়িত্ব কে নমিনেশন পাচ্ছে তা বড় কথা নয়, কিন্তু ধানের শীষ যেন ভোট পায়।
তিনি বলেন, আজকে সমাজ নষ্ট হয়ে গেছে, পারস্পরিক শ্রদ্ধাবোধ নাই, অশালীন ভাষায় বাচ্চারা গালাগাল করছে, ছাত্ররা গালাগাল করছে, শিক্ষকের সম্মান নাই, মায়ের সম্মান নাই, বাবার সম্মান নাই, তাদের ফিরিয়ে আনতে হবে আপনাদের মাঝখান দিয়ে। আগামী নির্বাচনে জয়ী হতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কাজ করার আহ্বান জানান তিনি।
পরে মহিলা দলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
জনতার আওয়াজ/আ আ